Apan Desh | আপন দেশ

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৪, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৪, ১৩ নভেম্বর ২০২৬

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

ফাইল ছবি

আজ ১৩ নভেম্বর (শুক্রবার), বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার লেখা গল্প-উপন্যাস, নাটক ও চলচ্চিত্র আজও পাঠক-দর্শকের মনে সমানভাবে জায়গা করে আছে। নতুন প্রজন্মের পাঠকের মধ্যেও তার সাহিত্য নিয়ে আগ্রহ প্রমাণ করে, সময়ের ব্যবধানেও তিনি কতটা জীবন্ত।

‘বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই’ এমন জীবনমুখী ভাবনা বারবার উঠে এসেছে হুমায়ূন আহমেদের লেখায়। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, প্রেম-বিরহ, হাসি-কান্না, পারিবারিক সম্পর্ক, নিঃসঙ্গতা, রহস্য এবং মানবমনের নানা অনুভূতিকে তিনি সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। কথোপকথননির্ভর গদ্য এবং পরিচিত জীবনের গল্প বলার নিজস্ব ভঙ্গির কারণে অল্প সময়েই তিনি বিপুলসংখ্যক পাঠকের প্রিয় লেখক হয়ে ওঠেন।

হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে শিক্ষকতার পরিচয় ছাপিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পান।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যজগতে নিজের শক্তিশালী উপস্থিতি জানান দেন হুমায়ূন আহমেদ। বইটি প্রকাশের পর সাহিত্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর একের পর এক উপন্যাস, গল্প ও নাটক রচনা করে গড়ে তোলেন স্বতন্ত্র সাহিত্যভুবন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেয়াল’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কবি’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আগুনের পরশমণি’।

তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র বাংলা সাহিত্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে হিমু চরিত্র একসময় তরুণ পাঠকদের কাছে জীবনকে দেখার ভিন্ন এক দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে ওঠে। অন্যদিকে যুক্তি, মনস্তত্ত্ব ও রহস্যের সমন্বয়ে গড়ে ওঠা মিসির আলী চরিত্র পাঠকদের মানুষের মনোজগতের নানা জটিলতার মুখোমুখি করেছে।

সাহিত্যের পাশাপাশি বাংলাদেশের টেলিভিশন নাটকেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হুমায়ূন আহমেদ। আশির দশকে নাট্যকার হিসেবে তার আবির্ভাব ঘটে। ‘প্রথম প্রহর’ দিয়ে শুরু করে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক ও ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। তার নাটকের জীবনঘনিষ্ঠ গল্প, সংলাপ, হাস্যরস ও চরিত্র দর্শকদের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে উঠেছিল।

আরও পড়ুন<<>>মিমির বিয়ের তারিখ ঘোষণা

‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রের পরিণতি ঘিরে দর্শকদের আবেগ ও প্রতিবাদ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে স্মরণীয় ঘটনা হয়ে আছে। একটি কাল্পনিক চরিত্রের জন্য দর্শকদের এমন আবেগ তার সৃষ্টিশীলতার প্রভাব কতটা গভীর ছিল, তা তুলে ধরে।

চলচ্চিত্র নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে স্বীকৃতি পায়। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’ নির্মাণ করেন। তাঁর চলচ্চিত্রে গল্প বলার নিজস্ব ধরন, সংগীতের ব্যবহার, প্রকৃতির উপস্থিতি এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি বিশেষভাবে লক্ষণীয়।

চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন হুমায়ূন আহমেদ। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে’ ও ‘যদি মন কাঁদে’র মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন তিনি। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। অমর একুশে বইমেলায় তার নতুন বই প্রকাশ ছিল একসময় পাঠক ও প্রকাশকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। তার জনপ্রিয়তা বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ এবং বইকে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।

২০১১ সালে হুমায়ূন আহমেদের শরীরে মলাশয়ের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দীর্ঘ লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পরে গাজীপুরের পিরুজালীতে নিজের হাতে গড়ে তোলা নুহাশপল্লীর প্রিয় লিচুতলায় তাকে সমাহিত করা হয়।

মৃত্যুর এক যুগেরও বেশি সময় পরও হুমায়ূন আহমেদের বইয়ের নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে। টেলিভিশনে পুনঃপ্রচারিত হচ্ছে তার নাটক ও চলচ্চিত্র। নতুন প্রজন্মের পাঠকেরাও আগ্রহ নিয়ে পড়ছেন তার লেখা। তার সৃষ্ট চরিত্রগুলো আজও পাঠকের কল্পনায় বেঁচে আছে, গল্পের মানুষগুলো যেন জীবনের চেনা অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে।

জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান নেত্রকোনা ও নুহাশপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও থাকছে বিশেষ আয়োজন। পাঠকের ভালোবাসা, স্মৃতি ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ আজও বাংলা সাহিত্যে এক জীবন্ত উপস্থিতি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়