প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
রাজনীতির উত্থান-পতন, ক্ষমতার পালাবদল, কারাবাস, মামলা, দীর্ঘ নির্বাসন- এক জীবনে নানা অধ্যায়ের সাক্ষী তারেক রহমান। পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা, প্রতিকূলতার মুখে দল পরিচালনা এবং শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতার শীর্ষে আরোহণ। তাঁর রাজনৈতিক জীবনের বাঁকগুলো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। আজ শুক্রবার, ২০ নভেম্বর, জীবনের ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক ব্যক্তি তারেক, রাজনৈতিক তারেক এবং রাষ্ট্রনায়ক হয়ে ওঠার দীর্ঘ পথপরিক্রমা।
রাজনৈতিক উত্তরাধিকারের ভেতর বেড়ে ওঠা
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম তারেক রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তিনি। পরিবারের সদস্যদের কাছে তাঁর ডাকনাম ছিল ‘পিনু’। স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তাঁর পারিবারিক জীবন।
তারেক রহমানের শৈশব ও কৈশোর কেটেছে বাংলাদেশের রাজনৈতিক উত্থান-পতলের এক ঘটনাবহুল সময়ে। একদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা, সামরিক-বেসামরিক রাজনীতির পালাবদল এবং গণতন্ত্রের জন্য আন্দোলন—এসব অভিজ্ঞতা তাঁর বেড়ে ওঠার পরিবেশকে প্রভাবিত করেছে। তাঁর বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি; মা দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠেন।
এমন একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতি তাঁর কাছে কেবল ক্ষমতা অর্জনের বিষয় ছিল না; বরং পারিবারিক অভিজ্ঞতা, রাষ্ট্রীয় বাস্তবতা ও সময়ের ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে।
শিক্ষাজীবন, রাজনৈতিক চিন্তার বিকাশ
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার কাঠামো নিয়ে একাডেমিক পাঠের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতিও তাঁর চিন্তার জগৎকে প্রভাবিত করে।
আশির দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলন যখন দেশের রাজনীতির প্রধান আলোচ্য, তখন তাঁর মা বেগম খালেদা জিয়া রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সে সময়ের রাজনৈতিক বাস্তবতা তারেক রহমানকে রাজনীতির আরও কাছাকাছি নিয়ে আসে। ১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা প্রেস ক্লাবে তাঁর বক্তব্য দেওয়ার ঘটনাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর দলীয় রাজনীতির সূচনা। বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় সদস্যপদ নেওয়াটা ছিল তাঁর রাজনৈতিক পথচলার প্রতীকী সূচনা। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
সংগঠক থেকে দলের নেতৃত্বে
তারেক রহমানের রাজনৈতিক বিকাশে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও প্রচার কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তাঁর সাংগঠনিক দক্ষতা ও নির্বাচনি ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসে। তবে এটিকে কেবল একটি নির্বাচনি সাফল্য হিসেবে দেখলে তাঁর পরবর্তী রাজনৈতিক বিকাশের পুরো চিত্র পাওয়া যায় না। দলীয় কাঠামোর ভেতরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ, সংগঠনকে সক্রিয় করা এবং নেতৃত্বের বিকল্প বলয় তৈরির চেষ্টাও তাঁর রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে।
২০০১ সালের জাতীয় নির্বাচনেও বিএনপির নির্বাচনি কৌশল ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা আলোচনায় আসে। ২০০২ সালে তাঁকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। ২০০৯ সালে তিনি সিনিয়র ভাইস -চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ সালে মায়ের কারাবরণের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
দলের ভেতরে তাঁর নেতৃত্বের পক্ষে যেমন সমর্থন তৈরি হয়েছে, তেমনি সমালোচনাও ছিল। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সালের রাজনৈতিক সময়ে হাওয়া ভবনকেন্দ্রিক প্রভাব, দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও ক্ষমতার অনানুষ্ঠানিক বলয় নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর রাজনৈতিক মূল্যায়নে এসব বিতর্কও উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবস্থান বুঝতে হলে সমর্থন, সমালোচনা ও রাজনৈতিক বাস্তবতা- তিনটিকেই বিবেচনায় নিতে হয়।
এক-এগারো, কারাবাস ও নির্বাসনের দীর্ঘ অধ্যায়
তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি আসে ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। কারাগারে নির্যাতনের অভিযোগও ওঠে, যা সে সময় দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচিত হয়েছিল।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে জামিনে মুক্তি পান তিনি। ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। সেই যাত্রাই পরিণত হয় দীর্ঘ নির্বাসিত জীবনে। প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর লন্ডন থেকেই দল পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে ভূমিকা রাখেন।
এ সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও আইনি জটিলতা তৈরি হয়। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক মামলায় তিনি খালাস পান। ফলে দেশে ফেরার আইনি পথও ক্রমে সুগম হয়।
নির্বাসন তাঁর রাজনৈতিক জীবনে যেমন দূরত্ব তৈরি করেছে, তেমনি দল পরিচালনার ক্ষেত্রে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। সরাসরি মাঠের রাজনীতি থেকে দূরে থেকেও একটি বড় রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়া ছিল তাঁর জন্য ভিন্ন ধরনের পরীক্ষা। দীর্ঘ সময়ের এই অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক কৌশল ও নেতৃত্বের ধরনেও প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করেন।
প্রত্যাবর্তন থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত মানুষের ব্যাপক সমাগম ঘটে। দীর্ঘদিন পর দেশে ফেরা একজন রাজনৈতিক নেতাকে ঘিরে এমন জনসমাগম বিএনপির সাংগঠনিক শক্তি ও সমর্থকদের আবেগের প্রকাশ হিসেবেও বিবেচিত হয়।
দেশে ফেরার পর তাঁর সামনে ছিল দ্বিমুখী চ্যালেঞ্জ- একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে দলকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনার উপযোগী রাজনৈতিক কর্মসূচি তুলে ধরা। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, জবাবদিহি প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার নির্বাচনি আলোচনায় গুরুত্ব পায়।
১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুই আসনেই বিজয়ী হন তারেক রহমান। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা, নির্বাসন ও দলীয় নেতৃত্বের অভিজ্ঞতার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে।
জন্মদিনের তাৎপর্য ও নতুন প্রত্যাশা
তারেক রহমানের এবারের জন্মদিনের তাৎপর্য আগের বছরগুলোর চেয়ে আলাদা। অতীতে জন্মদিন এসেছে কখনো রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে, কখনো কারাবাসের স্মৃতি ও নির্বাসনের বাস্তবতায়। এবার তিনি দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে জন্মদিন পালন করছেন। ব্যক্তিগত জীবনের একটি দিন রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক প্রত্যাশার সঙ্গে মিলেমিশে গেছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানা এবং উত্তর বারিধারায় এ কর্মসূচির আয়োজনের কথা রয়েছে। এতিমদের মধ্যে খাবার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালন করবেন।
তবে জন্মদিন কেবল ব্যক্তিগত আনন্দ বা আনুষ্ঠানিকতার উপলক্ষ নয়; এটি একজন রাজনৈতিক নেতার অর্জন, সীমাবদ্ধতা, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ দায়িত্ব পর্যালোচনারও সময়। তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা রাষ্ট্র পরিচালনা। দলীয় নেতৃত্বের অভিজ্ঞতা আর রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব এক বিষয় নয়। এখানে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি প্রয়োজন দক্ষ প্রশাসন, আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সব নাগরিকের অধিকার নিশ্চিত করা।
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানো নিঃসন্দেহে তাঁর রাজনৈতিক জীবনের বড় অর্জন। কিন্তু ইতিহাসে একজন নেতার অবস্থান শেষ পর্যন্ত নির্ধারিত হয় ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে নয়, বরং ক্ষমতার প্রয়োগ, জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং রাষ্ট্রের জন্য তাঁর রেখে যাওয়া অবদানের ভিত্তিতে।
জন্মদিনে তারেক রহমানের সামনে তাই সবচেয়ে বড় প্রত্যাশা- রাজনৈতিক উত্তরাধিকারকে অতিক্রম করে নিজের কর্ম ও রাষ্ট্র পরিচালনার সাফল্যে স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করা।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































