ছবি : সংগৃহীত
লালমনিরহাট জেলায় ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টয় লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটের মধ্যে ৫০০ টাকার ৩০০টি এবং ২০০ টাকার ১৩০টি নোট রয়েছে। এ ছাড়া তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে নুর আলম নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।
আরও পড়ুন<<>>রাঙামাটিতে রাতের আকাশে ড্রোন, গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী
লালমনিরহাট সদর ওসি সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনলাইনের মাধ্যমে সারা দেশে জাল টাকার নোটের কারবার করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেফতার দুজন ছাড়াও এ চক্রে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































