Apan Desh | আপন দেশ

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৫, ২৮ নভেম্বর ২০২৬

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: আপন দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২৮ নভেম্বর) ঢাকাসহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর।

পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন <> জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। 

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়