Apan Desh | আপন দেশ

রাগ নিয়ন্ত্রণের সহজ কৌশল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৩১ আগস্ট ২০২৬

রাগ নিয়ন্ত্রণের সহজ কৌশল

ছবি: সংগৃহীত

রাগ করা বা মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এটাকে সামাল দেয়া বেশ কষ্টকর। অনেকেই রাগের মাথায় নিজের ক্ষতি করেন। শুধু তাই নয়, আশেপাশের মানুষকেও তারা কষ্ট দেন এ রাগের মাধ্যমে।

তাই রাগকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে চাইলে নিচের কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে।

১. কিছু বলার আগে সময় নিন: রাগের মুহূর্তে মুখ থেকে এমন কথা বেরিয়ে যেতে পারে, যা পরে অনুশোচনার কারণ হয়। তাই উত্তেজিত অবস্থায় কোনো মন্তব্য করার আগে কয়েক মুহূর্ত থামুন। নিজের ভাবনাগুলো গুছিয়ে নিন। অন্য পক্ষকেও শান্ত হওয়ার সুযোগ দিন।

২. শান্ত হয়ে নিজের কথা বলুন: রাগ কিছুটা কমে এলে নিজের হতাশা বা আপত্তির কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। তবে কথা বলার সময় আক্রমণাত্মক না হয়ে দৃঢ় ও সম্মানজনক থাকুন। অন্যকে দোষারোপ বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে নিজের প্রয়োজন ও উদ্বেগ পরিষ্কারভাবে তুলে ধরুন।

৩. শরীরচর্চা করুন: শারীরিক পরিশ্রম মানসিক চাপ কমাতে কার্যকর হতে পারে। রাগ বাড়তে শুরু করলে কিছুক্ষণ দ্রুত হাঁটা, দৌড়ানো কিংবা পছন্দের কোনো শারীরিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। এতে উত্তেজনা কিছুটা কমতে পারে।

৪. প্রয়োজন হলে বিরতি নিন: চাপের পরিস্থিতিতে অল্প সময়ের বিরতিও অনেক কাজে দিতে পারে। দিনের ব্যস্ত বা চাপপূর্ণ সময়ে নিজেকে কয়েক মিনিটের জন্য আলাদা করে নিন। এ সামান্য বিরতি মনকে শান্ত করতেএবং পরবর্তী পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে সাহায্য করবে।

৫. সমস্যার সমাধানে মন দিন: কী কারণে রাগ হচ্ছে, শুধু সেটি নিয়ে পড়ে না থেকে সমস্যাটির বাস্তবসম্মত সমাধান খোঁজার চেষ্টা করুন। যেমন, সন্তানের অগোছালো ঘর বিরক্তির কারণ হলে দরজা বন্ধ করে রাখতে পারেন। সঙ্গী নিয়মিত রাতের খাবারে দেরি করলে খাবারের সময় পরিবর্তন বা বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে।

তবে সবকিছু নিজের ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়—এ কথাটিও মনে রাখা জরুরি। কোন বিষয় আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই, সে বিষয়ে বাস্তববাদী হন। মনে রাখবেন, রাগ সাধারণত সমস্যার সমাধান করে না; বরং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

৬. ‘আমি’ দিয়ে কথা শুরু করুন: কাউকে সরাসরি দোষারোপ বা সমালোচনা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তার বদলে নিজের অনুভূতি বোঝাতে ‘আমি’ দিয়ে বাক্য শুরু করুন। যেমন, ‘তুমি কখনোই বাড়ির কোনো কাজ করো না’ বলার পরিবর্তে বলা যেতে পারে, ‘তুমি থালাবাসন ধোয়ার কাজে সাহায্য না করে টেবিল ছেড়ে যাওয়ায় আমি বিরক্ত হয়েছি।’

আরও পড়ুন<<>> ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায় কেন?

৭. ক্ষোভ জমিয়ে রাখবেন না: দীর্ঘদিন রাগ বা অভিমান ধরে রাখলে নেতিবাচক অনুভূতি আরও তীব্র হতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী ক্ষমা করার মানসিকতা তৈরি করা গুরুত্বপূর্ণ। কাউকে ক্ষমা করা মানে তার কাজকে সমর্থন করা নয়; বরং নিজের তিক্ততা ও ক্ষোভ থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করা। এতে সম্পর্কও অনেক সময় আরও দৃঢ় হতে পারে।

৮. পরিস্থিতি হালকা করতে হাস্যরসের আশ্রয় নিন: উপযুক্ত সময়ে হালকা রসিকতা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে। তবে বিদ্রূপ বা ব্যঙ্গ করা থেকে বিরত থাকতে হবে। এতে অন্য ব্যক্তি অপমানিত বা আহত বোধ করতে পারেন এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমন হাস্যরস ব্যবহার করুন, যা কারও অনুভূতিতে আঘাত না করে উত্তেজনা কমাতে সাহায্য করে।

৯. রিল্যাক্সেশন বা শিথিলতার কৌশল ব্যবহার করুন: রাগের সময় নিজেকে শান্ত করতে গভীরভাবে শ্বাস নেয়া, চোখ বন্ধ করে স্বস্তিদায়ক কোনো দৃশ্য কল্পনা করা কিংবা শান্ত করার মতো কোনো শব্দ বা বাক্য মনে মনে বলা যেতে পারে। এছাড়া গান শোনা, ডায়েরি লেখা বা যোগব্যায়ামের মতো কার্যক্রমও মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।

১০. প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন: রাগ নিয়ন্ত্রণের বিষয়টি সবসময় সহজ নয়। যদি রাগ বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমন আচরণ করতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনা হয়, অথবা আপনার আচরণে কাছের মানুষজন কষ্ট পান, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এ ক্ষেত্রে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেয়া যেতে পারে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়