ছবি : আপন দেশ
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন দেয় সরকার। পাশাপাশি সশস্ত্রবাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়।
সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
কার বেতন কতটা বাড়ছে?
নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে নতুন বেতনস্কেলে তা ১:১.৭৮ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী;- ২০তম গ্রেড: প্রারম্ভিক মূল বেতন ২০,০০০ টাকা এবং ১ম গ্রেড: নির্ধারিত সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।
একবারে নয়, তিন ধাপে বাড়বে মূল বেতন
নতুন বেতনস্কেল অনুমোদন হলেও পুরো বেতন কাঠামো একসঙ্গে কার্যকর হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ ও ২০২৭-২৮—দুই অর্থবছরে ধাপে ধাপে বেতনস্কেল বাস্তবায়ন করা হবে।
বিশেষ করে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেয়া হবে। এ ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।
পেনশনে বড় সুখবর, বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্যও রয়েছে বড় পরিবর্তন। আপাতত ‘এক গ্রেড এক পেনশন’ বা One Rank One Pension (OROP) পুরোপুরি বাস্তবায়ন না করে নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন স্ল্যাব অনুযায়ী নিট পেনশন বাড়বে—
| বর্তমান নিট পেনশন | বৃদ্ধি |
| ৯,০০০ টাকা বা কম | ১০০% |
| ৯,০০১–২০,০০০ টাকা | ৭৫% |
| ২০,০০১–৩০,০০০ টাকা | ৬৫% |
| ৩০,০০১–৪০,০০০ টাকা | ৬০% |
| ৪০,০০১ টাকা বা বেশি | ৫৫% |
ফলে যারা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং বর্তমানে তুলনামূলক কম নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন বৃদ্ধির পরিমাণ বেশি হবে।
২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে One Rank One Pension (OROP) চালুর লক্ষ্য রয়েছে সরকারের। তবে এটি বাস্তবায়নে বিপুল আর্থিক ব্যয় এবং ২০১৯ সালের আগের অসামরিক অবসরপ্রাপ্তদের তথ্যের ঘাটতি থাকায় সরকার এটি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমবার প্রতিবন্ধী সন্তান ভাতা
সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য এবার চালু হচ্ছে নতুন ভাতা। প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩,০০০ টাকা করে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ দেয়া হবে। এটি সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো চালু করা হচ্ছে।
সব গ্রেডের কর্মচারী পাবেন মোবাইল ভাতা
ডিজিটাল যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের ব্যয় বিবেচনায় মোবাইল ভাতার আওতাও বাড়ানো হয়েছে। এতদিন শুধু ৫ম গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেতেন। নতুন বেতনস্কেলে সব গ্রেডের সরকারি কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।
জুডিশিয়াল সার্ভিসের জন্যও আসছে নতুন বেতনস্কেল
জুডিশিয়াল সার্ভিসের জন্য ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতনস্কেল অনুমোদন করা হবে। এ বেতনস্কেলও ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬-এর মতো ধাপে ধাপে কার্যকর করার কথা রয়েছে।
উপকৃত হবেন প্রায় ৩৩ লাখ মানুষ
সরকারের নতুন সিদ্ধান্তে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। সব মিলিয়ে নতুন বেতনস্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকারের দাবি, Medium Term Budget Framework অনুযায়ী সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এ ব্যয়ের সংস্থান রাখা হয়েছে।
অর্থ বিভাগ জারি করবে বিস্তারিত প্রজ্ঞাপন
জাতীয় বেতনস্কেল ২০২৬ বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণ পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধার বিস্তারিত বিধান থাকবে। একই সঙ্গে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে নতুন বেতনস্কেল যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হবে।
সরকারের প্রত্যাশা, নতুন বেতনস্কেলের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়বে। পাশাপাশি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































