ছবি : আপন দেশ
তিন জেলায় মাঠ প্রশাসনে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জেলাগুলো হলো, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর। এসব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে এ-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্টের প্রজ্ঞাপনের আলোকে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
সভায় কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে তিনি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মীর শাহে আলম বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে আরও সমন্বয় বাড়াতে হবে।
জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় তাকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্যও তিনি নির্দেশ দেন।
জেলা প্রশাসকদের নিয়মিতভাবে সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দেন মীর শাহে আলম। একই সঙ্গে কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সভায় সমন্বয় আরও জোরদার করতে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদেরও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
আরও পড়ুন: দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































