Apan Desh | আপন দেশ

নেপালে বন্যায় নিহত ২২, নিখোঁজ ৩৮৪

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৩, ২৬ আগস্ট ২০২৬

নেপালে বন্যায় নিহত ২২, নিখোঁজ ৩৮৪

ছবি: সংগৃহীত

নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত ৩৮৪ জন। এদের মধ্যে বিদেশি পর্যটক ২৯১ জন। এ বিদেশিদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা দেখা দেয়।

স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এলাকাটিতে ভূমিকম্প আঘাত হানে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয়। এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে তথ্যগুলো এখনো যাচাই করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী খানাল বলেন, নেপালের পাশাপাশি চীনের সীমান্ত এলাকাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ মুখে পড়েছে।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নেপাল চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্যা-ভূমিধসে সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রসুয়া ও নুওয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাকৃতিক এ দুর্যোগের পর নেপাল সরকার জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন <<>> আমাদের ধর্ম, সিদ্ধান্তও আমরা নেব: হিজাব ইস্যুতে ওয়াইসি

সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

সংস্থাটি জানায়, ওই অঞ্চলে থাকা ভ্রমণকারীদের অবস্থান ও নিরাপত্তার অবস্থা নিশ্চিত করতে কাজ চালানো হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—১২ জন ব্রিটিশ, ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই), ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, ১ জন অস্ট্রেলীয় এবং ১ জন ডাচ।

এছাড়া আরও ১১১ জন নিখোঁজের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, তাও বলা যাচ্ছে না।

এদিকে সীমান্তবর্তী একটি বাণিজ্য কেন্দ্রে ভূমিধসের ঘটনায় ‘ব্যাপক হতাহতের’ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মাধ্যমিক দুর্যোগ এড়াতে পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা। আগাম সতর্ক বার্তা চালুর তাগিদ দিয়েছেন তিনি।

চীনা সরকারের পক্ষ থেকেও উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর জন্য উদ্ধারকারী দলকে তিব্বতে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়