ছবি : সংগৃহীত
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (৩০ আগস্ট) রাতে এ হামলা চালানো হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ইরানের বার্তা সংস্থাগুলো হামলা নিয়ে আইআরজিসির দেয়া বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এ অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে ইসলামিক রিপাবলিকের (ইরান) নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টায় শত্রুদের যে হতাশা তৈরি হয়েছে, আগ্রাসন ও অপরাধ চালিয়ে তা সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেয়া হবে।
এর আগে রোববার মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চার ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে এ ধরনের হামলা চালানো হলো।
অভিযানে এমন সব সিস্টেমকে লক্ষ্য করা হয়, যেগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
আইআরজিসি জানায়, ওই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন এবং তারা এর জবাব দেয়ার অঙ্গীকার করে।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































