ফাইল ছবি
শিক্ষার্থীদের নিজ নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে তথ্য দেয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছে বোর্ড।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদন ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এসব তথ্য পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনক। ভুল তথ্যের কারণে ভবিষ্যতে শিক্ষা, চাকরি ও সরকারি নথিপত্রে জটিলতা তৈরি হতে পারে।
আরও পড়ুন <<>> রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম
শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন সনদসহ প্রয়োজনীয় প্রমাণিক দলিল যাচাই করে তথ্য লিপিবদ্ধ করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে বোর্ডে তথ্য পাঠানোর আগে তা সঠিক কিনা নিশ্চিত করতে বলা হয়েছে। এক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সবাইকে শিক্ষাজীবনের শুরুতেই সঠিক তথ্য নিশ্চিত করার আহবান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































