ছবি: সংগৃহীত
লিওনেল মেসি বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও তিনি এক অনন্য অধ্যায়। নীল-সাদা জার্সিতে অভিষেকের পর আন্তর্জাতিক শিরোপার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে সে অপেক্ষার অবসান ঘটে একের পর এক সাফল্যে।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল জাতীয় দল—সব মিলিয়ে ছয়টি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন মেসি।
জাতীয় দলের হয়ে মেসির শিরোপা জয়ের শুরু ২০০৫ সালে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
এরপর ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সোনার পদক জেতেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার প্রতিভার আরও বড় পরিচয় মেলে এ সাফল্যের মধ্য দিয়ে।
তবে আর্জেন্টিনার মূল জাতীয় দলের হয়ে শিরোপা জিততে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সাল পর্যন্ত। মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার খরা কাটে দলটির।
এরপর ২০২২ সালে আসে আরেকটি আন্তর্জাতিক ট্রফি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতে ফিনালিসিমা। সে জয়ে মেসির আন্তর্জাতিক সাফল্যের তালিকায় যোগ হয় আরেকটি বড় অর্জন।
আরও পড়ুন <<>> আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন মেসি। সে শিরোপার মধ্য দিয়ে পূর্ণতা পায় তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার।
এরপর ২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জিতে জাতীয় দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরও স্মরণীয় করে রাখেন এ কিংবদন্তি।
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি মোট ২০০৭টি ম্যাচ খেলেছেন। করেছেন ১২৫ গোল। তিনিই আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































