Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে সরকারী কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ৩১ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে সরকারী কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন

ছবি: আপন দেশ

প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে সরকারি কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন ও  স্ব-সহায়ক দলের এক সভা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার চর ভগবতীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধি ২০ ব্যক্তিকে নিয়ে গঠিত স্ব-সহায়ক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার সুরক্ষা এবং সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মসিউর রহমান মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো. আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এবং ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুস সালামসহ প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। 

আরও পড়ুন<<>>মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তি সহজ করা গেলে তাদের জীবনমান আরও উন্নত হবে।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও সেবাপ্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। পরে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়।  

এফডিআইডিপি প্রকল্পের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ফ্রেন্ডশিপের এ প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চলসহ মোট ৫২টি চরে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ১৪টি চরে কাজ করা হচ্ছে। দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এসব এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি তাদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়