Apan Desh | আপন দেশ

ডিবি-কাস্টমসের অভিযানে ৩ লাখ ৭০ হাজার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ আগস্ট ২০২৬

ডিবি-কাস্টমসের অভিযানে ৩ লাখ ৭০ হাজার সিগারেট জব্দ

ছবি: আপন দেশ

মানিকগঞ্জের শিবালয়ে একটি তামাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ দল। এ অভিযানে ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট ও ১৩ হাজার অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।

এছাড়া পরীক্ষায় এসবের মধ্যে ৯০ হাজার সিগারেটে ব্যবহৃত ব্যান্ডরোল এবং ১৩ হাজার অব্যবহৃত ব্যান্ডরোল নকল বলে শনাক্ত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে বিউটি টোব্যাকো কোম্পানিতে অভিযান চালানো হয়। এসময় নকল ব্যান্ডরোল সন্দেহে কিং ব্লাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্র্যান্ডের ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়।

জব্দ করা সিগারেট ও ব্যান্ডরোলের নমুনা যাচাইয়ের জন্য ১২ আগস্ট গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়।

প্রতিষ্ঠানটি ২৩ আগস্ট এনবিআরকে জানায়, ডলার ব্র্যান্ডের সিগারেটের গায়ে লাগানো স্ট্যাম্প ব্যান্ডরোল এবং অব্যবহৃত ব্যান্ডরোল নকল।

আরও পড়ুন <<>> বাজারের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

এনবিআরের হিসাবে, জব্দ করা ৩ লাখ ৭০ হাজার শলাকার মধ্যে ৯০ হাজার শলাকায় ব্যবহৃত ব্যান্ডরোল এবং ১৩ হাজার অব্যবহৃত ব্যান্ডরোল নকল। এসবের সঙ্গে সংশ্লিষ্ট শুল্ক-কর ফাঁকির পরিমাণ প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা।

নকল ও অবৈধ ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করে শুল্ক-কর ফাঁকির অভিযোগে বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে বুধবার শিবালয় থানায় মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(ক), ২৫(খ), ২৫(ঘ) ও ২৫(ঙ) ধারায় করা মামলাটির নম্বর ২১।

মামলার পর প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানা সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

রাজস্ব বোর্ড বলেছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুদ ও বিপণন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তামাক খাতে যথাযথ রাজস্ব আদায়ে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপন‌ দেশ/মিম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়