Apan Desh | আপন দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০১, ২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ছবি: আপন দেশ

আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। নবীজীর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। 

দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (২৬ আগস্ট) সরকারি ছুটি।

পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভাসহ বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির শিক্ষায় পরিপূর্ণ। তার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এ দিনে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও জাতীয় কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে।

পবিত্র এ দিনে মুসলিমরা মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ, নফল ইবাদত, দোয়া এবং তার জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করে থাকেন। একইসঙ্গে তাঁর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করছে। এ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন<<>>কুরআন-হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী 

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার জন্য তাঁর অবদান তুলে ধরা হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার করবে। তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রীর বাণী
প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেছেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়