ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভিসা পেতে এবার বাড়তি খরচ করতে হবে পশ্চিমবঙ্গসহ ভারতের পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যের বাসিন্দাদের। আগামী ১ ডিসেম্বর থেকে দেশটিতে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রে এ বাড়তি ফি পরিশোধ করতে হবে।
ভিসার আবেদন প্রসেসিং ফি বাবদ ভারতীয়দের দিতে হবে ৯১৮ রুপি। এর সঙ্গে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। সব মিলিয়ে আবেদনকারীদের গুনতে হবে ১ হাজার ১০০ রুপিরও বেশি।
বর্তমানে এ দুই কেন্দ্রে ভিসা প্রসেসিং ফি বাবদ করসহ ৮২৫ রুপি দিতে হয়। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে আবেদনকারীদের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, এ সিদ্ধান্তের প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দাদের ওপরও। কারণ, এসব রাজ্যের বাসিন্দাদের একাংশ কলকাতার বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র থেকেই ভিসার জন্য আবেদন করেন। ফলে ১ ডিসেম্বর থেকে তাদেরও বাড়তি অর্থ খরচ করতে হবে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তনের ঘোষণা দিয়েছে মিশন কর্তৃপক্ষ। একই সঙ্গে ভিসাসংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানও পরিবর্তন করা হয়েছে। আগের সংস্থা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিবর্তে নতুন সংস্থা সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসকে (এসজিজিএস) দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন ঠিকানায় ওই দুই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ার কথা।
প্রতিদিনই পশ্চিমবঙ্গসহ পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করেন। বিশেষ করে ব্যবসায়ী ও পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের একাংশের কাছে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই কেন্দ্রে প্রসেসিং ফি চালু থাকা এবং এবার সে ফি আরও বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে আবেদনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বাংলাদেশি ভিসার প্রসেসিং ফি কেবল পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রেই নেয়া হয়। দিল্লি, ত্রিপুরা, আসাম ও মুম্বাইসহ ভারতের অন্যান্য ভিসা কেন্দ্রে বাংলাদেশি ভিসার আবেদনের ক্ষেত্রে এ ধরনের প্রসেসিং ফি নেয়া হয় না। চেন্নাইসহ অন্যান্য মিশনেও একইভাবে কোনো ভিসা প্রসেসিং ফি দিতে হয় না বলে আবেদনকারীদের দাবি।
আরও পড়ুন <<>> শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল
ফলে কলকাতা ও শিলিগুড়ির ভিসা কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন একাংশ আবেদনকারী। এ দুই কেন্দ্রের পরিবর্তে তারা ভারতের অন্যান্য শহরে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন জমা দিচ্ছেন। আবেদনকারীদের একাংশের প্রশ্ন, প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় যেখানে বাংলাদেশি ভিসার জন্য কোনো প্রসেসিং ফি দিতে হচ্ছে না, এমনকি দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ের মতো শহরেও যেখানে এ খরচ নেই, সেখানে কলকাতা ও শিলিগুড়ি থেকে একই ভিসা পেতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে কেন?
মিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশি ভিসার আবেদনের সংখ্যা কমতে শুরু করে। ওই বছরের ৫ আগস্টের আগে পশ্চিমবঙ্গের এ দুই কেন্দ্রে প্রতিদিন গড়ে ৮০০টির বেশি ভিসার আবেদন জমা পড়ত। বিশ্ব ইজতেমার মতো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান কিংবা বিভিন্ন উৎসবের মৌসুমে সে সংখ্যা বেড়ে দৈনিক ১ হাজার ২০০ ছাড়িয়ে যেত। কিন্তু পরবর্তী সময়ে সে সংখ্যা অনেকটাই কমে যায়।
বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর ভারতীয় পর্যটকদের যাতায়াত এবং ভিসার আবেদনে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল বলে মিশন সূত্রে জানা গেছে।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের তথ্যানুযায়ী, চলতি বছরের দুর্গাপূজার আগেও প্রতিদিন গড়ে ৪০০টির বেশি ভিসার আবেদন জমা পড়েছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যাও আবার কমতে শুরু করেছে। মিশনের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার (২৫ নভেম্বর) মিলিয়ে কলকাতা ও শিলিগুড়ির দুই কেন্দ্রে মোট ১৫০টি ভিসার আবেদন জমা পড়েছে।
এমন পরিস্থিতিতে আগামী ১ ডিসেম্বর থেকে প্রসেসিং ফি আরও বাড়লে আবেদনকারীর সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গসহ পার্শ্ববর্তী রাজ্যগুলোর আবেদনকারীরা ভিসার জন্য ভারতের অন্যান্য শহরের বাংলাদেশি মিশন ও আবেদন কেন্দ্রগুলোর দিকে ঝুঁকতে পারেন।
মিশন সূত্রে আরও জানা গেছে, আপাতত নতুন সংস্থা সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসের (এসজিজিএস) কাজের দক্ষতা ও পরিষেবার মান পর্যবেক্ষণ করা হবে।
নতুন সংস্থা সন্তোষজনকভাবে কাজ করতে পারলে পরবর্তী সময়ে ভারতের অন্যান্য শহরেও তাদের মাধ্যমে ভিসাসংক্রান্ত পরিষেবা চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে গোটা ভারতে একই ধরনের ভিসা প্রসেসিং ফি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































