ছবি: আপন দেশ
ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, ইতোমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।
শেখ হাসিনার দেশের ফেরার ঘোষণায় বাড়তি সতর্কতা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এ জাতীয় যে কোনো তথাকথিত কর্মসূচি যদি থাকে, সেগুলো অ্যাড্রেস করার জন্য। এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে, কোনদিন। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ, এগুলোতে আমাদের মনোযোগ নাই, আমরা সব সময় সতর্ক আছি।
সরকার চাপ অনুভব করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীসের চাপ? এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। যেমন এ যে শ্রমিক অসন্তোষ নিয়ে তারা একটা রাজনৈতিক ষড়যন্ত্র করতে চেয়েছিল, যার সঙ্গে আমাদের প্রকৃত শ্রমিক ভাই-বোনেরা জড়িত নন। মজুরি কমিশনের ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছে। আপনারা দেখেছেন, মালিকপক্ষ-শ্রমিকপক্ষ তাদের আলাপ-আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে সে মজুরি নির্ধারণ করেছে। মজুরি বোর্ড সেটা ঘোষণা করেছে, যারা সদস্যরা ছিলেন সবাই সই করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই অভিহিত করেছি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নাই, বাংলাদেশের মানুষ দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে তাদের এবং পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে, এ বিষয়েও নতুন কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দুএকটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।
তিনি আরও বলেন, আমি মহান জাতীয় সংসদেও বলেছি এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। সে আচরণ তাদের মধ্যে কখনো ছিল না। এখন তারা প্রত্যাবর্তন করতে পারে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমরা সংশ্লিষ্ট দেশে আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পত্র দিয়েছি। তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।
আরও পড়ুন <<>> দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যাবর্তন করতে চায়, সেটা দেখার বিষয়। তারা বিভিন্ন সীমান্ত এলাকায়, সীমান্তের ওই পারে তাদের কয়েকজন পলাতক নেতা ভ্রমণ করছে শুনলাম, কিছু পশ্চিম সীমান্তে আর কিছু পূর্ব সীমান্তে এবং সেখানে তারা কিছু নির্দেশনা দিচ্ছে, তাদের এ দেশে লুকিয়ে থাকা কিছু কিছু নেতাদের কাছে এ যে মশাল মিছিল মানে কী তারা যেন বুঝে নেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, আপনারাও নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এর পরে তারা বলছে, লকডাউন হবে, শাটডাউন হবে, হরতাল হবে। এ দেশের মানুষ কখনো তাদের এখানে সে রকম কোনো কার্যক্রম পরিচালনা করতে দেবে বলে আমার মনে হয় না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন রুটিন কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, এটা হচ্ছে পুলিশ বাহিনীর অতিরিক্ত। আগামীতেও তারা যেসব তথাকথিত কর্মসূচি দিয়েছে বলে শুনছি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।
সালাহউদ্দিন বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্য সহকারে, অত্যন্ত কৌশলে তাদের সমস্ত অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। কোনো রকম প্রাণহানি ছাড়া এবং সহিংসতা ছাড়া, হতাহতের ঘটনা ছাড়া আমরা আওয়ামী চরিত্রের উন্মোচন করতে সক্ষম হয়েছি। দেশবাসী দেখেছে, আমরা দেখেছি, সারা বিশ্ববাসী দেখেছে এবং স্বীকৃতিও দিয়েছে যে পতিত আওয়ামী শক্তি বাংলাদেশে অগ্নিসংযোগের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে, হত্যাযজ্ঞের মাধ্যমে তাদের পূর্বের কর্মকাণ্ড আবার নতুন করে শুরু করতে চায়।
আগামীতেও একইভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে উল্লেখ করে তিনি বলেন, তবে এ ঘোষণাও আমরা দিয়েছি। আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, যদি কেউ কোনো উগ্রবাদী তৎপরতা চালাতে চায়, ধ্বংসাত্মক কোনো কার্যক্রম চালাতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়, জনগণের সম্পদ ও জীবন নষ্ট করতে চায়, সে ক্ষেত্রে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব অত্যন্ত কঠোরতার সঙ্গে।
গোপালগঞ্জের পরিস্থিতি উল্লেখ করে গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কি না?
জবাবে তিনি বলেন, এটা আইনানুগ বিষয়। সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের কার্যক্রম হাতে নেয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, সম্ভবত তদন্ত শেষ পর্যায়ে।
মন্ত্রী বলেন, যেহেতু সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে বিধান আছে যে ব্যক্তি এবং গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটা অপরাধ আছে। তিনটা অপরাধে যদি জড়িত থাকে, তাহলে ব্যক্তির সঙ্গে দল ও সংগঠনকে সে বিচারের আওতায় আনা যাবে। বিচারিক কার্যক্রম শেষ হলে সেখানে সাজার বিষয়টিও উল্লেখ আছে কী কী করা যাবে।
তিনি বলেন, সেটা বিচারিক প্রক্রিয়া। তদন্ত শেষ হলে, অভিযোগপত্র দাখিল হলে, ট্রায়েলের পরে আদালত যেটা বিবেচনা করবেন, সে হিসাবে সেটা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































