নাজমুন মুনিরা ন্যান্সি। ফাইল ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মহসিন মেহেদীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ন্যান্সি।
ইংরেজিতে দেয়া ওই পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।
তিনি লেখেন, বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাদের নিয়ে যারা উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি এ সময়ে সবার সহযোগিতা, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।
সংগীতশিল্পী লেখেন, জীবন নিজস্ব গতিতে এগিয়ে চলে। নতুন এ অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করতে চাই। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আরও পড়ুন <<>> হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
গানের সূত্র ধরেই সংগীতশিল্পী ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। তবে সে সংসারও টেকেনি।
দাম্পত্যজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন ন্যান্সি। তবে এবার সে সম্পর্কেরও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































