Apan Desh | আপন দেশ

সংস্কৃতিচর্চা করতে হয় মানুষকে লালন করার জন্য: ফাতেমা তুজ জোহরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ২০ নভেম্বর ২০২৬

সংস্কৃতিচর্চা করতে হয় মানুষকে লালন করার জন্য: ফাতেমা তুজ জোহরা

ছবি: আপন দেশ

একটি রাষ্ট্রের পরিচয় বহন করে তার সংস্কৃতি। এ কথা বলেছেন বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, সমৃদ্ধ ও বহুমাত্রিক বাংলা গান, নাটক, উৎসব ও পালাপার্বণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। আমাদের সভ্যতা, রাজনীতি ও সামাজিক আচরণে সে ঐতিহ্যের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। সংগীত ও সংস্কৃতির চর্চা করতে হয় মানুষকে লালন করার জন্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলা অ্যাকাডেমির কবি শামসুর রাহমান হলে বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত হেমন্ত উৎসবে এসব কথা বলেন তিনি।

ফাতেমা তুজ জোহরা বলেন, দীর্ঘদিনের অস্থিতিশীল পরিবেশ সে ধারাবাহিকতায় ছন্দপতন ঘটিয়েছে। সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। সারা দেশে এ চর্চা ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের আহবায়ক ও নাট্যব্যক্তিত্ব কাজী আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, লেখক-গবেষক ও মুক্তচিন্তক আবুল কাসেম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের আহবায়ক ও অভিনেতা হেলাল খান, বাংলাদেশ শিশু অ্যাকাডেমির পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

আরও পড়ুন <<>> কথাসাহিত্যিক-বিজ্ঞানী পূরবী বসু আর নেই

স্বাগত বক্তব্য দেন নাট্যনির্দেশক ও পরিষদের সদস্যসচিব নূর হোসেন রানা। অনুষ্ঠানের শুরুতে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে হেমন্ত উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এতে শ্রীলঙ্কার একটি ইয়ুথ কালচারাল টিমও অংশ নেয়।

অতিথিদের আলোচনা শেষে হেমন্তের আবহ ও ঋতুবৈচিত্র্যকে উপজীব্য করে সংগীত, নৃত্য, আবৃত্তি, গম্ভীরা ও নাটক পরিবেশিত হয়। বাদক দল ও যন্ত্রশিল্পীদের সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণ।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’, জেনেসিস থিয়েটার, ঢাকাবাসী, নজরুল শিশু নাট্যম, ঝিনুক শিশুকিশোর সংগঠন, অন্তরঙ্গ শিশু সংগঠন, সারেঙ সাহিত্য কেন্দ্র, দেশ নাট্যদল, শিশু মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়