ছবি : সংগৃহীত
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়ের পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
একই সঙ্গে মিয়ানমারে চলমান নিপীড়ন বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে দেশটি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো গুরুতর অপরাধের জবাবে যুক্তরাজ্যের মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে।
নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা হয়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালে দেশটির সেনাপ্রধান ছিলেন। ওই সময় সংঘটিত নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই নিপীড়ন বন্ধ করতে হবে। অভিযুক্ত অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে সংলাপ শুরুর আহবান জানান। একই সঙ্গে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার কথা বলেন।
আরও পড়ুন <<>> নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
এছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে আইসিজের রায়ের পর যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে ব্রিটিশ সরকার।
সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে বিশেষ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
আদালত তার পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে মিয়ানমারে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে। বিচারকদের প্যানেল ৯-৬ ভোটে রায় দেয়।
একই সঙ্গে আদালত জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে সংখ্যাগরিষ্ঠ বিচারক মত দিয়েছেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানের পর আন্তর্জাতিকভাবে মিয়ানমারের জবাবদিহির দাবি জোরালো হয়। আইসিজের এ রায় এবং যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা সে প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































