Apan Desh | আপন দেশ

বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৫ নভেম্বর ২০২৬

বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রিয়ালের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে এগিয়ে যায় পিএসভি। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখায় লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভিকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গতিময় শটে দলকে সমতায় ফেরান ভেদে ভালভার্দে। এরপর জোড়া গোল করেন এমবাপ্পে, বাকি দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম।

এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি।

স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ। বিরতির আগে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ডাচ ক্লাবটি। বিরতির পর বদলি হিসেবে জুড বেলিংহ্যামকে মাঠে নামান মরিনিয়ো। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলারের ব্যাকহিল পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ফেদেরিকো ভালভার্দে। এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম।

প্রায় ২৫ গজ দূর থেকে বল পেয়ে সেটি শূন্যে তুলে ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন ইংলিশ মিডফিল্ডার। তার নিচু হয়ে আসা শট ঠেকানোর কোনও সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার। চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে।

কোদাই সানোর ভুলে বল পেয়ে আক্রমণ সাজান আর্দা গুলার। তার বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি।

ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের কাছাকাছি বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল। এতে ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়