ছবি: আপন দেশ
মাকে মারধর ও হত্যার হুমকি দেয়ায় এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগে ছেলের নাম হাসান পারভেজ।
বুধবার (২৫ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে এ দণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাসান পারভেজ যশোরের দড়াটানার তাজ স্ন্যাক্সের স্বত্বাধিকারী প্রয়াত সোহেল হাসান মিঠুর ছেলে।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তাদের হত্যার হুমকিও দিতেন তিনি। এ পরিস্থিতিতে মাহামুদা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্যত্র বসবাস করেন। এছাড়া বোন ফারহানা আফরোজকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন হাসান।
আরও পড়ুন <<>> খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেফতার ৩
পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন। এতে ক্ষিপ্ত হন হাসান। এ নিয়ে গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখে গালিগালাজ শুরু করেন তিনি।
এসময় মা প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মারেন হাসান। এতে মাহামুদার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এছাড়া তার কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ভাঙচুর করেন হাসান।
এ ঘটনায় মাহামুদা হাসান থানায় জিডি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে হাসানকে আটক করে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































