Apan Desh | আপন দেশ

গভীর রাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৬, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১০:০৪, ২১ আগস্ট ২০২৬

গভীর রাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আদেশে দীর্ঘ তিন বছর পর কারাগারের বাইরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে মুক্তি নয়, চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে ৭৩ বছর বয়সী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

সরকারও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর কয়েক ঘণ্টা আগে সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি বাস্তবায়ন করবে।

এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দেয়া সুপ্রিম কোর্টের আদেশের পর ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হলো। 

আদালত কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত জানিয়েছিলেন, ইমরান খানের শারীরিক অবস্থা একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে পরীক্ষা করাতে হবে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসককেও রাখতে হবে।

এর আগে সোমবার আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ১০ আগস্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ বোর্ডের করা স্বাস্থ্য পরীক্ষার তথ্য তুলে ধরা হয়। সেখানে ইমরান খানের রক্তচাপ ওঠানামা এবং উদ্বেগের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের সঙ্গে সীমিত যোগাযোগের কারণে তার মধ্যে এ উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন<<>>আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

সরকার অবশ্য সুপ্রিম কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ইমরান খানকে হাসপাতালে নেয়ার সব প্রস্তুতি বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন করা হয়।

হাসপাতালে নেয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতাল ও এর আশপাশের এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গত এক বছর ধরে ইমরান খানের পরিবার ও দল তার শারীরিক অবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আসছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফেব্রুয়ারি থেকে দুইবার ইমরান খানকে হাসপাতালে নেয়ার একই ধরনের আবেদন আদালত নাকচ করে দিয়েছিলেন। এর মধ্যে একটি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট বরং একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই সময় প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

সাবেক এ ক্রিকেট তারকা এবং তার স্ত্রী বুশরা বিবি পরবর্তীতে আরও কয়েকটি মামলায় দণ্ডিত হয়েছেন। তবে ইমরান খান ও তার দল পিটিআই অপরাধের কথা অস্বীকার করে আসছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা ও বিচার করা হচ্ছে।

ইমরান খানের আইনজীবী উজাইর বান্দারি এর আগে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে অন্তত আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী আদালতের শুনানি পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে। সূত্র: আল জাজিরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়