Apan Desh | আপন দেশ

উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চলসহ এগ্রো প্রসেসিং জোন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৭, ২২ নভেম্বর ২০২৬

উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চলসহ এগ্রো প্রসেসিং জোন

ফাইল ছবি, আপন দেশ

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কেন্দ্রে পরিণত করতে উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষিকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এতে কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের মধ্যে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি অন্যতম। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলাকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে। 

আরও পড়ুন<<>>জয়পুরহাটে বৃষ্টিতে স্বপ্নভঙ্গ আলুচাষিদের

সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য কৃষিকে একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর অবকাঠামো ও সুযোগ সৃষ্টি করা। এর ফলে কৃষিপণ্যের অপচয় কমবে, উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য ও শিল্পপণ্য তৈরি করা সম্ভব হবে। কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষির সঙ্গে শিল্পের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে একসময় মঙ্গার কারণে পরিচিত জনপদটি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। কৃষির সঙ্গে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থান যুক্ত হলে স্থানীয় মানুষের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: