ছবি: সংগ্রহীত
আজ ১৮ নভেম্বর (বুধবার), আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। ইসলামী শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য ও মানবসভ্যতায় এর অবদান তুলে ধরতে প্রতিবছর এ দিনে দিবসটি পালিত হয়।
২০১৮ সালের সেপ্টেম্বরে প্যারিসে ইউনেস্কোর (UNESCO) সদর দপ্তরে বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ ই দিবসটি চালুর প্রস্তাব দেয়। ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪০তম সাধারণ সম্মেলনে এ প্রস্তাবটি গৃহীত হয়। প্রতিবছর ১৮ নভেম্বরকে 'আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস' হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়। ২০১৯ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসার কারণে সে বছর দিবসটি পালিত হতে পারেনি। ফলে ২০২০ সালের ১৮ নভেম্বর বিশ্বব্যাপী প্রথমবারের মতো এ দিবসটি উদযাপিত হয়।
বাহরাইনের উদ্যোগে গৃহীত এ সিদ্ধান্তের লক্ষ্য ইসলামের অতীত ও সমকালীন শিল্পধারার প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো।
ইসলামী শিল্পকলা বলতে কেবল মসজিদ বা ধর্মীয় স্থাপনার নকশাকে বোঝায় না। বরং আরবি ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প, সংগীতসহ শিল্পকলার প্রতিটি সৃজনশীল ধারা এর অন্তর্ভুক্ত। স্পেন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকা বিভিন্ন অঞ্চল ও যুগের সাংস্কৃতিক সংযোগে এই শিল্পধারা সমৃদ্ধ হয়েছে।
আরও পড়ুন<<>>হজ নিবন্ধন শুরু আজ থেকে, আবেদন করা যাবে যেভাবে
ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা বিভিন্ন শিল্প আন্দোলনকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য, মতপ্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তসাংস্কৃতিক সংলাপকে উত্সাহিত করে। দিবসটি পালনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক নৈকট্য বৃদ্ধিরও প্রত্যাশা করা হয়।
এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পসংগঠন প্রদর্শনী, কর্মশালা, আলোচনা ও শিক্ষামূলক আয়োজন করে থাকে। কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টও এই বছর দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।
এতে ক্যালিগ্রাফি ও অলংকরণবিষয়ক কর্মশালা, প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। এ ছাড়া জাদুঘরের গ্রন্থাগারে থাকবে বুকমার্ক তৈরি ও শিল্পবিষয়ক ধাঁধার আয়োজন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































