Apan Desh | আপন দেশ

সাবিনা ইয়াসমিন ফের ক্যান্সারে আক্রান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

সাবিনা ইয়াসমিন ফের ক্যান্সারে আক্রান্ত

দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ২০০৭ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সে সময় চিকিৎসা নিয়ে ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। এবার ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এ শিল্পী। চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। 

জানা গেছে, ওরাল ক্যানসারে আক্রান্ত তিনি। শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থ সাবিনা ইয়াসমিন। নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন এ শিল্পী। উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত দেয়া হবে রেডিওথেরাপিও।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান করছেন সাবিনা ইয়াসমিন। সিনেমায় তার গাওয়া অসংখ্য গান হয়েছে কালজয়ী। খ্যাতিমান এ গায়িকা তার মায়াবী কণ্ঠ দিয়ে বাংলা সংগীতকে যেমন সমৃদ্ধ করেছেন, পুরস্কারও পেয়েছেন অনেক। 

সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় একুশে পদক। ১৯৯৬ সালে পান স্বাধীনতা পুরস্কার। সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়াও দেশ বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়