ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছে ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন কুহরণ-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘ ও সন্ধ্যার গান-এ মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শ্রাবণের মেঘলা আকাশ ও বিকেলের বৃষ্টিস্নাত আবহকে ঘিরে আরশীনগরের সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজনে রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, ব্যান্ডসংগীত, লোকজ ধর্মী ও ফোকসংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বন্ধুত্ব, ভালোবাসা, স্মৃতিময় ও আবেগঘন গানও পরিবেশিত হয়। গানের তালে তালে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বটতলা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। সারাদিনের ক্লাস-পরীক্ষার ব্যস্ততার পর গানের সুরে কিছুটা স্বস্তির সময় কাটাতে দেখা যায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের।
০৮:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার