ছবি: আপন দেশ
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দেবব্রত ভট্টাচার্য্য। প্রথমবার অংশ নিয়েই মেধাক্রমে ১৭৭ তম স্থান অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী।
সম্প্রতি প্রকাশিত ফলাফলে অনন্য সাফল্য পান এ শিক্ষার্থী! ধারাবাহিক পরিশ্রম, একাডেমিক পড়াশোনার সঙ্গে সমন্বিত প্রস্তুতি এবং নিজের ওপর অটুট বিশ্বাসই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। শেষ মুহূর্তের প্রস্তুতির চেয়ে একাডেমিক জীবন থেকেই গুছিয়ে পড়াশোনা করাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথমবারেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সে প্রস্তুতি ও অভিজ্ঞতার গল্পই উঠে এসেছে আপন দেশের গোবিপ্রবি প্রতিনিধি ইমরান হোসেনের সঙ্গে আলাপচারিতায়।
আপন দেশ: প্রথমবারেই সফল হতে পেরে আপনার অনুভূতি কেমন?
দেবব্রত ভট্টাচার্য্য: প্রথমবারেই সফল হতে পারাটা আমার জন্য সত্যিই দারুণ। একইসঙ্গে অবাক করার মতো একটি অনুভূতি। রিটেন পরীক্ষার পর থেকেই নিজের ফলাফল নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিলাম। কারণ, এর আগে এ পরীক্ষায় কেমন লিখলে কত নম্বর পাওয়া যায় - সে বিষয়ে আমার কোনো পূর্বঅভিজ্ঞতা ছিল না। ভাইভা দেয়ার পরও ফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে আমি সফল হব।
ফল প্রকাশের পর যখন দেখলাম আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, তখন আনন্দের চেয়েও বিস্ময়টাই বেশি কাজ করেছিল। সে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সবচেয়ে আনন্দের বিষয় ছিল, আমার এ সাফল্যে পরিবার, বন্ধু ও কাছের মানুষদের সবাইকে ভীষণ খুশি হতে দেখা।
আপন দেশ: আইন বিষয় নিয়ে পড়ার কারণ কি ছিল ?
দেবব্রত ভট্টাচার্য্য: আইন পড়ার সিদ্ধান্তটা আসলে পরিকল্পিত ছিল না। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম এবং ছোটবেলা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হওয়ার কথাই ভাবতাম। মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টা করেও সুযোগ হয়নি। এরপর কী নিয়ে পড়ব, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। ইউটিউবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গিয়ে আইন পড়াশোনা ও পেশার সম্ভাবনা সম্পর্কে জানতে পারি। সেখান থেকেই আইনকে বেছে নেয়া।
তখন মেডিকেলে সুযোগ না পাওয়াকে হয়তো দুর্ভাগ্য মনে হয়েছিল, কিন্তু এখন মনে হয়-সেটিই আমার জন্য সৌভাগ্যই ছিল।
আপন দেশ: আপনার এ সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান কার?
দেবব্রত ভট্টাচার্য্য: সবার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বাবা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মারা যান। এরপর মা-ই আমাকে ও আমার বোনকে বড় করেছেন। একজন গৃহিণী হয়েও আমাদের জন্য মায়ের যে ত্যাগ, তা কোনোভাবেই পরিমাপ করার মতো নয়।
আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানও অনেক বেশি। তারা শুধু পড়াশোনায় নয়, সবসময় মানসিকভাবেও আমাকে সাহস দিয়েছেন। রিটেন পরীক্ষা দেয়ার পর অনেক সময় মনে হয়েছে পরীক্ষা ভালো হয়নি। তখন শিক্ষকদের ফোন করে হতাশার কথা বললে তারা আমাকে ঘাবড়ে না গিয়ে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছেন। তারা বারবার বলেছেন, প্রথমবারের পরীক্ষা হিসেবে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তাদের এ উৎসাহ আমাকে অনেকটা আত্মবিশ্বাসী করেছে।
আমার বন্ধুরাও বিভিন্নভাবে পাশে থেকেছে। কেউ আর্থিকভাবে, কেউ মানসিকভাবে সহযোগিতা করেছে। এমনকি আমি যে টাই পরে ভাইভা দিয়েছি, সেটিও একজন বন্ধুর দেয়া; ভাইভায় পরা শার্টটিও ছিল বন্ধুর উপহার। এখন যে পোশাকটি পরেছি, সেটিও এক বন্ধুর দেয়া। এসব হয়তো ছোট ছোট বিষয়, কিন্তু আমার কাছে এগুলো তাদের ভালোবাসা ও পাশে থাকার বড় নিদর্শন। তাই এ সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও বন্ধুদের অবদান আমি কখনো অস্বীকার করতে পারব না।
আপন দেশ: দিনে কত ঘন্টা করে পড়তেন?
দেবব্রত ভট্টাচার্য্য: নির্দিষ্ট সময় মেপে পড়াশোনা করতাম না; সময় ও পরিস্থিতি অনুযায়ী পড়ার পরিমাণ পরিবর্তিত হতো। তবে একজন আইন শিক্ষার্থীর প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা পড়াশোনা করা উচিত বলে মনে করি। আইন একটি জটিল বিষয়, একবার পড়ে সবকিছু মনে রাখা সম্ভব নয়। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি বারবার রিভিশন দেয়াকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি।
আপন দেশ: কখন থেকে প্রস্তুতি নেয়া শুরু করেছেন?
দেবব্রত ভট্টাচার্য্য: জুডিশিয়ারির জন্য আলাদা করে কোনো নির্দিষ্ট সময় থেকে প্রস্তুতি শুরু করিনি। দ্বিতীয় বর্ষে সিনিয়রদের কাছ থেকে জুডিশিয়ারি সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং তখন থেকেই বিচারক হওয়ার ইচ্ছা তৈরি হয়। তবে আমি মনে করি, আমার একাডেমিক পড়াশোনা শুরুর সঙ্গে সঙ্গেই জুডিশিয়ারির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। একাডেমিক পড়াশোনা ও জুডিশিয়ারির প্রস্তুতিকে আমি আলাদা করে দেখিনি। যে সেমিস্টারে জুডিশিয়ারির সিলেবাসের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোর্স ছিল, তখন থেকেই সেগুলো ভালোভাবে পড়তাম।
আপন দেশ: একাডেমী পড়াশোনা ও জুডিশিয়ারির প্রস্তুতি কিভাবে একসাথে কন্টিনিউ করেছেন?
দেবব্রত ভট্টাচার্য্য: আমি মূলত একাডেমিক পড়াশোনার সঙ্গেই জুডিশিয়ারির প্রস্তুতি এগিয়ে নিয়েছি। জুডিশিয়ারির সম্পর্কে বিস্তারিত জানার পর থেকেই বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়। এরপর একাডেমিক সিলেবাসে যখন জুডিশিয়ারির সিলেবাসের সঙ্গে মিল থাকা কোনো কোর্স পেয়েছি, তখন সেটি শুধু পরীক্ষার জন্য না পড়ে বিস্তারিত ও গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। এভাবেই ধীরে ধীরে একাডেমিক পড়াশোনার মধ্যেই জুডিশিয়ারির প্রস্তুতি তৈরি হয়েছে।
আমার মাস্টার্স পরীক্ষা চলাকালীন প্রিলিমিনারি পরীক্ষা দিই। এরপর মাস্টার্স শেষ করে রিটেন এবং পরবর্তীতে ভাইভা দিই। ফলে আলাদা করে দীর্ঘ সময় বের করে প্রস্তুতি নেয়ার প্রয়োজন হয়নি; একাডেমিক পড়াশোনার ধারাবাহিকতাই প্রস্তুতিতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে।
আরও পড়ুন<<>>কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১২
আমি কখনো কোনো টপিককে কম গুরুত্বপূর্ণ মনে করে বাদ দিইনি। আইনের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ধারাগুলোও গুরুত্ব দিয়ে পড়েছি। কারণ পরীক্ষায় কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, তা আগে থেকে বলা যায় না। শুরু থেকেই নোট করে পড়ার অভ্যাস ছিল। দিনের বড় একটা সময় লাইব্রেরিতে পড়তাম। লাইব্রেরিই ছিল আমার সবচেয়ে পছন্দের পড়ার জায়গা এবং সেখানেই দীর্ঘ সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি।
আপন দেশ: প্রস্তুতির শেষ সময় কিভাবে পড়তেন ?
দেবব্রত ভট্টাচার্য্য: আমি শুরু থেকেই প্রতিটি টপিকের ওপর নিজের নোট করে পড়তাম। তাই শেষ সময়ে নতুন করে সবকিছু পড়ার পরিবর্তে আমার মূল কাজ ছিল সে নোটগুলো বারবার রিভিশন দেয়া। আইন মনে রাখার জন্য রিভিশনের কোনো বিকল্প নেই - এটা আমি প্রস্তুতির সময় খুব ভালোভাবে বুঝেছি।
একাডেমিক জীবনে আইনগুলো ভালোভাবে পড়া হয়ে যাওয়ায় শেষ সময়ে আমি জেনারেল সাবজেক্টগুলোর ওপর বেশি ফোকাস করেছি। তখন মূলত দুটি কাজ করেছি-জেনারেল সাবজেক্টগুলো ভালোভাবে পড়া আর আইনের নোটগুলো নিয়মিত রিভিশন দেয়া। আমি মনে করি, প্রথমবারেই সফল হওয়ার পেছনে বড় একটা কারণ ছিল একাডেমিক জীবন থেকেই ধীরে ধীরে প্রস্তুতিটা গুছিয়ে রাখা।
আপন দেশ: প্রথমবারই সাফল্য এর পেছনের রহস্য কি?
দেবব্রত ভট্টাচার্য্য: আমার মনে হয়, প্রথমবারেই সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো-আমি একাডেমিক পড়াশোনাকে কখনো জুডিশিয়ারির প্রস্তুতি থেকে আলাদা করে দেখিনি। দ্বিতীয় বর্ষ থেকেই ধীরে ধীরে প্রস্তুতি গুছিয়ে নিয়েছি। যে বিষয়গুলো জুডিশিয়ারির সিলেবাসের সঙ্গে মিল ছিল, সেগুলো একাডেমিক পড়ার সময়ই ভালোভাবে পড়েছি এবং নিজের নোট তৈরি করেছি।
শেষ সময়ে তাই আমার ওপর বাড়তি চাপ তৈরি হয়নি। তখন নতুন করে সবকিছু পড়ার পরিবর্তে নোটগুলো রিভিশন দিয়েছি এবং জেনারেল সাবজেক্টগুলোর ওপর বেশি গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে নিয়মিত পড়াশোনা, কোনো টপিক বাদ না দেয়া এবং নিজের ওপর বিশ্বাস রাখাটাও গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে আমার মনে হয়, শেষ মুহূর্তের প্রস্তুতির চেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রস্তুতি নেয়াটাই প্রথমবারের সাফল্যের মূল কারণ।
আপন দেশ: ভাইবা বোর্ডের অনুভূতি কেমন?
দেবব্রত ভট্টাচার্য্য: ভাইবার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো ছিল। বোর্ডের স্যাররা অনেক আন্তরিক ছিলেন। একটি প্রশ্নের উত্তর প্রথমে দিতে পারছিলাম না। তখন একজন স্যার আমাকে সময় নিয়ে ভাবতে বললেন এবং বললেন, ‘তুমি পারবে।’ পরে সময় নিয়ে ভেবে প্রশ্নটির সুন্দরভাবে উত্তর দিতে পেরেছিলাম।
সে সময় আমার ডিপার্টমেন্টের শিক্ষকদের কথাও মনে পড়ছিল। তারা সবসময় বলতেন, প্রথমবারের পরীক্ষা বা ভাইভা ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দিতে হবে। এটা ছিল আমার দ্বিতীয় ভাইভা। এর আগে ব্যাংকের একটি ভাইভা দেয়ার অভিজ্ঞতা ছিল, যেটিও এ ভাইভায় আমাকে আত্মবিশ্বাসী হতে অনেকটা সাহায্য করেছে।
আপন দেশ: প্রস্তুতি এবং নিয়োগ প্রক্রিয়ার এ লম্বা সময় কিভাবে মনোযোগ ধরে রেখেছেন?
দেবব্রত ভট্টাচার্য্য: আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল-আমি বিশ্বাস করতাম, পরিশ্রম করলে সৃষ্টিকর্তা তার ফল দেবেন। এ বিশ্বাস থেকেই নিয়মিত পরিশ্রম করে গেছি। আমার বন্ধুরাও সবসময় আমাকে পড়াশোনার জন্য উৎসাহ দিত, যা মনোযোগ ধরে রাখতে অনেক সাহায্য করেছে।
কখনো পড়তে ইচ্ছা করত না, তখন আমার অসুস্থ মায়ের কথা ভাবতাম। মায়ের প্রতি নিজের দায়িত্ববোধ থেকেই আবার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হতো। আমার ডিপার্টমেন্টের শিক্ষকরাও নিয়মিত খোঁজখবর নিতেন, বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ দিতেন।
আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ-নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখা। আমার মনে হয়, আপনি যদি নিজের জন্য একটা নিয়ম তৈরি করে সেটার মধ্যে থাকতে পারেন, তাহলে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হয়ে যায়।
আপন দেশ: জুডিশিয়ারির প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত?
দেবব্রত ভট্টাচার্য্য: আমার মনে হয়, অন্য চাকরির প্রস্তুতি গ্র্যাজুয়েশন শেষ করার পর শুরু করা গেলেও জুডিশিয়ারির প্রস্তুতি সেভাবে নেয়া যায় না। আইন বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই একাডেমিক পড়াশোনার সঙ্গে জুডিশিয়ারির প্রস্তুতিও শুরু করা উচিত।
আমি একাডেমিক জীবনে যে কোর্সগুলো জুডিশিয়ারির সিলেবাসের সঙ্গে মিলে যায়, সেগুলো খুব গভীরভাবে ও বিস্তারিতভাবে বুঝে পড়েছি। যারা এখন প্রস্তুতি নিচ্ছে, তাদেরও বলব-জুডিশিয়ারির সংশ্লিষ্ট বিষয়গুলো শুধু পরীক্ষার জন্য না পড়ে ভালোভাবে বুঝে, প্রয়োজনে রিসার্চ করে পড়তে হবে। শুরু থেকেই একাডেমিক পড়াশোনাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিলে পরবর্তীতে আলাদা করে চাপ নেয়ার প্রয়োজন অনেকটাই কমে যায়।
আপন দেশ: যারা প্রস্তুতি নিচ্ছে বা নিবে তাদের জন্য কি উপদেশ দিবেন?
দেবব্রত ভট্টাচার্য্য: যারা এখন প্রস্তুতি নিচ্ছে বা ভবিষ্যতে নেবে, তাদের বলব - প্রথমে বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। কোনো টপিক বাদ দিয়ে বা না বুঝে সামনে এগোনো যাবে না। পাশাপাশি একাডেমিক পড়াশোনায়ও মনোযোগ দিতে হবে। কারণ আমার মনে হয়, একাডেমিক জীবনটাই জুডিশিয়ারির প্রস্তুতি নেয়ার সবচেয়ে ভালো সময়।
অনার্স শেষ করার পর নানা ধরনের চাপ চলে আসে, তখন নতুন করে সবকিছু গুছিয়ে প্রস্তুতি নেয়া কঠিন হয়ে পড়ে। তাই একাডেমিক জীবন থেকেই যদি ধীরে ধীরে প্রস্তুতিটা গুছিয়ে নেয়া যায়, তাহলে পরবর্তীতে চাপ অনেক কম থাকে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলব, শুরু থেকেই নিয়মিত ও গুছিয়ে পড়লে সফল হওয়া অনেক সহজ হয়।
আপন দেশ: সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দেবব্রত ভট্টাচার্য্য: আমাকে কথা বলার সুযোগ দেয়ার জন্য আপনাকে ও আপন দেশকে ধন্যবাদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































