ছবি: আপন দেশ
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি। শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর Jean Pesme-এর নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের মূল লক্ষ্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখনফল অর্জন করা।
এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর আওতায় থাকা কার্যক্রমগুলোকে আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে বিন্যস্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহবান জানান তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন <> স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, সড়কে যানজট
বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (Structured Pedagogy), প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































