ছবি: আপন দেশ
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, বুধবার রাতে বাগেরহাটে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বাগেরহাট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি। শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার ফকিরহাট উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন<<>>আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একই রাতে মোড়েলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলাজুড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুরো জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































