ছবি : সংগৃহীত
২০১৭ সালে সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার। এ ঘটনায় মিয়ানমারকে গণহত্যার উদ্দেশ্য (জেনোসাইডাল ইনটেন্ট) থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত এ রায় ঘোষণা করেন। ওই সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।
রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, আদালত দেখতে পেয়েছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন<<>>প্রথমবার একই ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
উল্লিখিত সুনির্দিষ্ট ঘটনাগুলোতে মিয়ানমার গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে বলে জানান তিনি।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী ঘোষণা করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছিল দেশটি।
অন্যদিকে মিয়ানমার দাবি করে আসছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।
জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা ১২ লাখসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং বিপজ্জনক সমুদ্রযাত্রা এখনও এ জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত ও অরক্ষিত করে রেখেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































