ছবি: আপন দেশ
ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গাড়িতে আগুন দিয়ে বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। যারা এ ধরনের কাজ করছে, তারা সন্ত্রাসী সংগঠন।
বিগত সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সে সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।
এ প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার উল্লেখ করেন তিনি।
সারা দেশে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে রাস্তাঘাটে প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি দাবি করেন, এ পঞ্চম বাহিনীকে প্রতিবেশী দেশ ভারত থেকে ইন্ধন দেয়া হচ্ছে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো ক্রমেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেয়া যাবে না।
আরও পড়ুন<<>>ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কাহিনী বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করে দেখানো হয়েছিল।
নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহবান জানান তিনি।
এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান নিশ্চিতের আহবান জানান তিনি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।
বক্তব্য শেষে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































