Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে অস্থিরতা, খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি ভিসি

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৬, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে অস্থিরতা, খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি ভিসি

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এসময় ক্যাম্পাসে অবস্থান না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার খেলা দেখতে গেছেন গোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে যান। এর আগে ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই দিন বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার পরিবর্তন করে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার লাগানো হয়। পরে সেটি খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এর মধ্যে ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দেয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় জরুরি রিজেন্ট বোর্ড সভায় দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

আরও পড়ুন<<>>প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে আগের নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের মারধরের হুমকি দেয়ার অভিযোগও উঠেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। প্রশাসনকে আগেই অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এমন পরিস্থিতিতে ভিসির  ক্যাম্পাসে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়েছে। কিন্তু সংকটপূর্ণ সময়ে ভিসি ক্যাম্পাসে অবস্থান না করে বাইরে চলে গেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল, তিনি তাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি আরও বলেন, প্রধান ফটকে ব্যানার পরিবর্তনের ঘটনায় শিক্ষার্থী ও ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংকটের সময় উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকলে তাকে আর ক্যাম্পাসে দেখতে চান না বলে অনেকে জানিয়েছেন।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে ফারুক খন্দকার বলেন, এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কর্মসূচি নেয়া হয়নি। তবে শিক্ষার্থীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন তারা। কেউ যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়েও নজর রাখা হবে।

অন্যদিকে, গত দুই দিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান জানান, ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নিতে তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন।

তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য সচিব মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত নোটিশে সভাটি বাতিল করা হয়েছে। সভা বাতিলের পরও কেন তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন, জানতে চাইলে ভিসি জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন।

এদিকে, ভিসির ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একের পর এক নিরাপত্তাঝুঁকি তৈরি হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনার পর শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তিনি পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়