ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল গড়িয়ে দুপুরেও থামেনি। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। বিশেষ করে সকালে অফিস ও স্কুলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
টানা বৃষ্টিতে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। ফলে নগরজীবনে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। টানা বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষও পড়েছেন বিড়ম্বনায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ছাতা মাথায় দিয়ে, আবার কাউকে রেইনকোট পরে গন্তব্যে যেতে দেখা যায়। কেউ কেউ বৃষ্টি থেকে রক্ষা পেতে বাসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন।
রামপুরা এলাকায় সকালে অফিসগামী মানুষের ভিড় থাকলেও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।
রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছিল না। একদিকে বৃষ্টি, অন্যদিকে রাস্তায় গাড়ির চাপ সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিনের তুলনায় আজ অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে।
খিলগাঁও এলাকায়ও একই চিত্র দেখা যায়। স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের বৃষ্টির মধ্যে চলাচল করতে হয়। অনেক অভিভাবক সন্তানদের নিয়ে বৃষ্টির মধ্যেই স্কুলের উদ্দেশে রওনা হন।
খিলগাঁওয়ের বাসিন্দা আমেনা খাতুন বলেন, ছেলের বার্ষিক পরীক্ষা চলছে। সুতরাং স্কুলে যাওয়া ছাড়া উপায় নেই। পরীক্ষা না থাকলে আজ ছেলেকে স্কুলে আনতাম না। ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে, থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।
আরও পড়ুন<<>>ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
মালিবাগ এলাকায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।
মালিবাগের বাসিন্দা ফেরদৌসী রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। জরুরি কাজে বের হতে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। ছাতা থাকলেও বৃষ্টির কারণে ঠিকমতো রক্ষা পাওয়া যাচ্ছে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে সবারই সমস্যা হবে।
মতিঝিল এলাকায় অফিসগামী মানুষের ভোগান্তি ছিল বেশি। বৃষ্টির কারণে অনেককে ভিজে অফিসে যেতে দেখা যায়। কেউ কেউ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে দেরিতে অফিসে প্রবেশ করেন।
মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা মো. নাসিম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় এসে গাড়ি পেতেও সমস্যা হয়েছে। অফিসের সময় ঠিক রাখতে চাইলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
তিনি বলেন, বৃষ্টির মধ্যে প্রায় ২০ মিনিট ছোটাছুটি করে তারপর রিকশা পেয়েছি। রিকশা চালক প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছে। এরপর বৃষ্টিতে ভিজে অফিসে এসেছি। আমাদের অফিসে না আসলে বেতন কাটা যাবে। তাই চরম ভোগান্তি সত্ত্বেও অফিসে আসতে হয়েছে।
এদিকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষও পড়েছেন দুর্ভোগে। বৃষ্টির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা গণপরিবহনের ওপর নির্ভরশীল, তাদের ভোগান্তি বেশি।
খিলগাঁও তালতলা এলাকায় কথা হয় গৃহিণী রাবেয়া আক্তারের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। জরুরি কিছু কেনাকাটা করা দরকার। অনেক সময় বাসায় অপেক্ষা করেছি। কিন্তু বৃষ্টি তো থামছে না। তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম। এখন ভয় হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আবার ঠান্ডা লেগে যায় কিনা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































