Apan Desh | আপন দেশ

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৪, ৫ অক্টোবর ২০২৬

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

ফাইল ছবি, আপন দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুদকের পিপি মোকাররম হোসেন বলেন, ০৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মো. তাজুল ইসলামকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ৩১ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকার ৫০ শতাংশ হিসেবে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>বিপিটিএলের পরিচালক গ্রেফতার, দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, তাজুল ইসলাম ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জন করে তা দিয়ে খাইরুন্নেছা বেগমের নামে জমি ক্রয় ও ভবন নির্মাণে বিনিয়োগ করেন।

পাশাপাশি স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেয়ার উদ্দেশ্যে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে অর্জিত সম্পদ ও আয়ের উৎস প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২৫ সালের ০১ জুলাই বিভাগীয় বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়