Apan Desh | আপন দেশ

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৪, ২২ নভেম্বর ২০২৬

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

ফাইল ছবি, আপন দেশ

২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ০১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

মাউশি স্পষ্ট করে জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনলাইনে হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে। 

আরও পড়ুন<<>>বেরোবিতে ১৮ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি সাদা দল

প্রার্থীরা প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেয়ার তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ভর্তি আবেদন পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের (www.dshe.gov.bd) সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের (www.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: