Apan Desh | আপন দেশ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১৮, ২২ নভেম্বর ২০২৬

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেব। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।

জনগণের রায়কে সম্মান জাননোর আহবান জানিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে। দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমীর বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসব না।

জামায়াত আমীর বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সে অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সে পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: