ছবি: আপন দেশ
স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবারের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের ঐতিহ্যবাহী সুলতানা সরোবর ও এর সংলগ্ন ড্রেনসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় সুলতানা সরোবর প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সাইফুদ্দীন।
অভিযানকালে সুলতানা সরোবর এলাকায় প্লাস্টিকের বর্জ্য ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সরোবর সংলগ্ন ড্রেনে জমে থাকা কাদা-পানি পরিষ্কার এবং মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
আরও পড়ুন<<>>ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সাইফুদ্দীন বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগে একটি শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পরিচ্ছন্ন ও মশামুক্ত কুড়িগ্রাম গড়তে প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত থাকবে।
সুলতানা সরোবর এলাকার বাসিন্দা ও পথচারীরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে এলাকার পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি মশার উপদ্রব থেকেও শহরবাসী রক্ষা পাবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































