Apan Desh | আপন দেশ

ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ৩ অক্টোবর ২০২৬

ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

ইলিশ বাংলাদেশের গর্ব। পৃথিবীতে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়, তার প্রায় ৭০ ভাগ বাংলাদেশে উৎপাদন করে। মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শনিবার (০৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদরের কাকুয়া স্কুল মাঠে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, মা ইলিশ সংরক্ষণের সময় সরকারের পক্ষ থেকে জেলেদের সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। ভবিষ্যতে এ সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে। গত বছর কেউ সহযোগিতা পেয়েছেন, কেউ পাননি। তবে এবার সবাই সহযোগিতা পাবেন।  

আরও পড়ুন<<>>জানুয়ারিতে মানসম্মত বই পাবে প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীরা

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, মা-বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যামিলি কার্ড দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। কোনো নেতা আপনাদের কার্ড করে দেবেন এমনটি নয়। সরকারিভাবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সারাদেশে তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে লোক নিয়োগ দেয়া হয়েছে। তারাই তথ্য সংগ্রহ করবেন। কেউ বাদ পড়লে বিষয়টি জানাতে হবে।

তিনি বলেন, কেউ যদি ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে টাকা-পয়সা চায়, ভুলেও দেবেন না। দলের কেউ এ ধরনের কাজ করলে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নেব। কোনো অন্যায় করতে দেয়া হবে না।

মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কেউ নেশার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সমাজে কেউ নেশা করবে বা বিক্রি করবে এটা কোনোভাবেই হতে দেয়া হবে না।

চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অতি দ্রুত চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ইতোমধ্যে এ প্রকল্প পাস হয়েছে। এছাড়া চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য পর্যটনকেন্দ্র করার ব্যবস্থা করা হচ্ছে। এতে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। 

চরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ভালো হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, চরের মানুষের জন্য একটি ভালো হাসপাতাল করা হবে, যাতে চিকিৎসার জন্য শহরে যেতে না হয়। এখানেই যেন তারা চিকিৎসাসেবা নিতে পারেন।

প্রতিমন্ত্রী কাকুয়া ইউনিয়নের ২৪৯ জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করেন। পরে ওমরপুর ব্রিজ সংলগ্ন নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়