Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ থেকে বাদ, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:০৩, ২৫ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে বাদ, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

অবশেষে চূড়ান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। ভারতের মাটিতে হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার কথা ছিল টাইগারদের। তবে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের দাবির বিপক্ষে যায় সমর্থন। 

পরে বাংলাদেশকে সময় বেঁধে দেয় আইসিসি। তবে ভারতে না খেলার দাবিতে অনড় থাকে বাংলাদেশ। ফলে টাইগারদের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।   

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি আইসিসিকে কয়েক দফায় জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই পক্ষের মাঝে প্রায় ৩ সপ্তাহ ধরে কয়েক দফা আলাপের পর আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসেছে। 

শনিবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। সভা শেষে সাংবাদিকদের বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। 

তিনি বলেছেন, বিশ্বকাপেরটা পুরো নিরাপত্তার বিষয়। এমনটা আগে হয়ত হয়নি, এবার হয়েছে। বোর্ড থেকে বিবৃতি শুনেছেন নিরাপত্তার কারণে ভারতে আমাদের খেলা নিরাপদ না। একাধিকবার তাদের (আইসিসি) সাথে মিটিং হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও ছিলেন। তারা বলেছেন সূচি বদল সম্ভব না।

আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, সরকার থেকে সিদ্ধান্ত আসে, সূচি বদল না হলে ভারতে গিয়ে (বাংলাদেশের) খেলা সম্ভব হবে না। আইসিসিকে আমরা বিনয়ের সঙ্গে জানিয়েছি, এ সূচি অনুযায়ী আমাদের খেলা সম্ভব না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। ভারতে গিয়ে খেলতে পারছি না আমরা, এখানে আলাদা কোনো ব্যাপারে আমরা যাচ্ছি না।

সংবাদ সম্মেলনে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন, বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, নিরাপত্তা ঝুঁকির জন্য। বিসিবি, বিসিসিআই, আইসিসি একেকটা প্রতিষ্ঠান। আমরা সরকারকে বলার পর তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন চারটা মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এখানে আপনারা অনেকে আছেন, সমর্থকরা আছে। তাদের সবার কথা ভাবতে হয়েছে। সরকার সবার কথা ভেবে ঝুঁকি নিতে চাচ্ছে না। বিসিসিআই কোনো রাষ্ট্র না। রাষ্ট্র টু রাষ্ট্র যখন কথা হয়েছে, আমরা সেরকম কিছু (নিরাপত্তা) পাইনি। আমরা কখনও বলিনি আমরা খেলতে চাইনি।

আরও পড়ুন<<>>যে ব্যাখ্যায় বাংলাদেশকে বাদ দিল আইসিসি

আসিফ আরও বলেন, সরকার থেকে বলা হয়েছে, আমরা নিরাপদ না। গতকালও আসিফ নজরুল (আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা) স্যারের সঙ্গে কথা হয়েছে। ইনটেলিজেন্স রিপোর্ট থাকে একটা, গোয়েন্দা রিপোর্ট (এর ভিত্তিতে এমন সিদ্ধান্ত)।

একই ব্যাপারে অন্য এক পরিচালক আবদুর রাজ্জাক বলেছেন, সরকারের পক্ষ থেকে যেকোনো সফরেই আমাদের ক্লিয়ারেন্স নিতে হয়। সরকার আমাদের সিদ্ধান্ত দিয়েছে, এটা আমাদের ফলো করতে হবে। আমি ব্যর্থ বলব না।

বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে প্রথম মেইল পাঠায় বিসিবি, গত ৪ জানুয়ারি। এর আগের দিন অর্থাৎ ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। ভারতের বোর্ডের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স ফিজকে স্কোয়াড থেকে ছেড়েও দেয়। এরপরই যেন ক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে।

সেখান থেকেই নিরাপত্তার কারণে বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চাওয়ার ব্যাপারে সরব হয় বিসিবি। তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় সরকারও। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরু থেকেই এ ব্যাপারে ছিলেন সক্রিয়। বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চাওয়ার বিষয়টি আইসিসিকে জানাতে বলেছিলেন আসিফ। সেই অনুযায়ী বোর্ডও ভারতে না খেলার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত অনড় ছিল।

গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভারতে না যাওয়ার বিষয়টি নিয়ে ভোটের আয়োজন হয়। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান বাদে বাকি সব দেশ বাংলাদেশের বদলে অন্য দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পক্ষে ভোট দেয়। ২-১৪ ভোটে হেরে যায় বাংলাদেশ। এরপর এক দিন সময় চেয়ে সরকারের সঙ্গে মিটিং করেন বিসিবি কর্তা এবং ক্রিকেটাররা। সে মিটিং শেষেও ভারতে না খেলার ব্যাপারে অনড় অবস্থান আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি।

ফলে নিজেদের নীতি মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। প্রেস বিজ্ঞপ্তির পর নতুন সূচিও দিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু