ছবি: সংগৃহীত
শরিফুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কারের অর্থ হাতে পেয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরষ্কারের টাকা মাঠকর্মীদের মাঝে বিলিয়ে দেবেন। সে কথা রাখলেন শরিফুল।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পুরস্কারের অর্থ হাতে পেয়েই মাঠকর্মীদের মধ্যে সে টাকা বিতরণ করেন টাইগার এ পেসার। পুরস্কারের দুই লাখ টাকা গ্রাউন্ডসম্যানদের হাতে তুলে দিয়েছেন তিনি। মাঠ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এমন উদ্যোগ নিয়েছেন এ পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ–এর একটি ম্যাচ শেষে শরিফুল বলেছিলেন, টুর্নামেন্ট সেরা হলে পুরস্কারের অর্থ তিনি মাঠকর্মীদের দিয়ে দেবেন। ক্রিকেটের পর্দার আড়ালে থাকা এসব কর্মীর অবদানকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার পর নিজের দেয়া কথাই রাখলেন জাতীয় দলের এ পেসার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সাধারণত ক্রিকেটারদের এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই শরিফুলের এ পদক্ষেপকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
বিপিএলের বিভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য গ্রাউন্ডসম্যানরা দিনরাত পরিশ্রম করেন। মাঠের মান বজায় রাখা, পিচ প্রস্তুত করা এবং প্রতিকূল আবহাওয়াতেও খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে তাদের নিরলস পরিশ্রম করতে হয়।
ক্রিকেটের এই নীরব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শরিফুলের এমন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এতে মাঠকর্মীদের কাজের স্বীকৃতি যেমন মিলবে, তেমনি অন্য ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন <<>> ইফতারের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
গত বছরের ২৬ ডিসেম্বর শুরু হয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি শেষ হয় বিপিএলের ১২তম আসর। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করে ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও ফাইনালে তার দল রাজশাহী ওয়ারিয়র্স–এর কাছে হেরে যায়।
তবে পুরো আসরে অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন শরিফুল। এ পুরস্কারের প্রাইজমানি ছিল ১০ লাখ টাকা। প্রায় দেড় মাস পর সে অর্থ হাতে পান তিনি। জানা গেছে, পুরো অর্থ ধাপে ধাপে দেয়া হবে। এরই অংশ হিসেবে পাওয়া অর্থ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মাঠকর্মীদের দুই লাখ টাকা তুলে দিয়েছেন এ পেসার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































