স্বর্ণের অলঙ্কার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাতে উত্তপ্ত হয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। এমন সংঘাতময় পরিস্থিতিতে বৈশ্বিক স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। উত্থান পতনের বাজারে দেশে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। ফলে বৃহস্পতিবার (০৫ মার্চ) সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।
টানা ৬ দফা বাড়ানোর পর বুধবার (০৪ মার্চ) ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দামে বৃহস্পতিবারও বিক্রি হচ্ছে স্বর্ণ।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (০৩ মার্চ) সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
আরও পড়ুন<<>>ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম পরিবর্তন বা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে মোট ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং আজকেরটিসহ মোট ১৩ বার দাম কমানো হলো। বাজুস নির্ধারিত এ দামের সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম মজুরি যোগ করে জুয়েলারি দোকানগুলো অলঙ্কার বিক্রি করবে।
এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































