ছবি: সংগৃহীত
ইরাকভিত্তিক প্রতিরোধ জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ চলতি মাসে ২৯১টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। তাদের দাবি, এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ডজনখানেক সেনা আহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তারা ৩১টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। লক্ষ্যবস্তু ছিল ইরাক ও আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি।
সংগঠনটির দাবি, গত ১২ দিনে তাদের মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আরও বহু সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরাকি এ প্রতিরোধ জোট ইউরোপীয় দেশগুলোকেও সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে কোনো দেশ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে ওই দেশের বাহিনী ও স্বার্থ ইরাকসহ পুরো অঞ্চলে প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আরও পড়ুন <<>> ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়া সমর্থন
এর আগে মঙ্গলবার আরেক ঘোষণায় সংগঠনটি জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ ইরাকের বাসরা প্রদেশের উত্তরের আকাশে একটি উন্নত শত্রু ড্রোন ভূপাতিত করেছে।
সংগঠনটির দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ইরাক ও বৃহত্তর অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে তারা ২৭টি পৃথক অভিযান চালিয়েছে। ওই অভিযানের একটিতে মার্কিন বাহিনীর একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































