Apan Desh | আপন দেশ

ইফতারের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ১১ মার্চ ২০২৬

ইফতারের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা। জয় আসে ৮ উইকেটের বড় ব্যবধানে। ইফতারের আগেই শেষ হয় ম্যাচ।

ম্যাচে ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি নির্ধারিত ছিল। তবে বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ভিন্ন পরিকল্পনা করেন। বিরতি না নিয়ে দ্রুত ম্যাচ শেষ করেই ইফতারে বসার সিদ্ধান্ত নেন তারা।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ রানা। একাই ৫ উইকেট তুলে নেন এ পেসার। তার গতির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের বোলিংয়েও চাপে পড়ে পাকিস্তান।

শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত শুরু করে বাংলাদেশ। তবে তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খায় দলটি। ৪ রান করে আউট হন সাইফ হাসান। তাকে ফেরান শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন <<>> নাহিদের ফাইফারে পাকিস্তানের বিপর্যয়, বাংলাদেশের লক্ষ্য ১১৫

২.৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ২৭ রান। পরে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৮১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শেষ দিকে আউট হন শান্তও। দলের জয়ের জন্য তখন দরকার ছিল মাত্র ৬ রান। তবুও জয়ে কোনো সমস্যা হয়নি।

১৬তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র একটি ওয়াইড বল করেন। সে বলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ইফতারের আজান হয়। ঠিক তখনই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়