Apan Desh | আপন দেশ

ইরানি মিসাইলে লন্ডভন্ড হতে পারে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ১১ মার্চ ২০২৬

ইরানি মিসাইলে লন্ডভন্ড হতে পারে ইউরোপ

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এ সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এতে ইউরোপের কিছু দেশও জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। আগ্রাসনের প্রথম দিনেই বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির সরকার ও সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর থেকেই কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে তেহরান। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।

এসময় ইউরোপের দেশ সাইপ্রাসেও হামলার খবর প্রকাশ পায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট থাকার অভিযোগে সেখানে আঘাত হানে ইরান। তবে তেহরান এ অভিযোগ সরাসরি অস্বীকার করে।

আরও পড়ুন <<>> ইরানের নতুন নেতা মোজতবা খামেনি কেমন আছেন?

পরে লেবাননের তেহরানসমর্থিত ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে। তারা জানায়, ইরানে তৈরি ড্রোন ব্যবহার করে সাইপ্রাসে এ হামলা চালানো হয়েছে।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইউরোপের আরেক দেশ রোমানিয়া। যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা পরিচালনার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে রোমানিয়া ইরানের সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারণ, যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে কিংবা হামলার সুযোগ দিচ্ছে—এমন দেশগুলোকেই লক্ষ্যবস্তুতে পরিণত করার কৌশল গ্রহণ করেছে ইরান।

বুধবার (১১ মার্চ) রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে।

তিনি আরও বলেন, মার্কিন রিফুয়েলিং বিমান, নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার এসব ঘাঁটি থেকে পরিচালনা করা যাবে।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার শীর্ষ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে যুক্তরাষ্ট্রের এ অনুরোধ অনুমোদন করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে একই দিনে দেশটির পার্লামেন্টেও অনুমোদনের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়