আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার নতুন খবর হচ্ছে তিনি মন্ত্রী হয়েছেন। এখনও বিসিবি সভাপতি পদে আসীন রয়েছেন।
দায়িত্বে থাকা অবস্থায় রীতিমতো তার পদ নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে গেছে। এর আগেও তার পদত্যাগের দাবিতে সোশ্যাল মিডিয়া সরব হয়ে উঠেছিল। এবার গুঞ্জন- কবে ছাড়ছেন পদ আর কেই-বা হচ্ছেন সভাপতি।
কোনো কাউন্সিলরের ভোটে বিসিবি সভাপতি হননি পাপন। হয়েছেন পরোক্ষ ভোটে। কাউন্সিলদের ভোটে পরিচালনা পর্ষদের পরিচালকরা নির্বাচিত হন। তাদের ভোটে নির্বাচিত হন সভাপতি। তবে এই মুহূর্তে চাইলেই বিসিবির সভাপতি পদে বসতে পারবেন না যে-কেউ।
যদি বর্তমান সভাপতি পদত্যাগ করেন, সেক্ষেত্রেও পরিচালনা পর্ষদ থেকেই সভাপতি নির্বাচন করতে হবে। বর্তমান পর্ষদের মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। পাপনের ইঙ্গিত, মেয়াদ পূরণের আগেই দায়িত্ব ছাড়বেন তিনি।
চাইলেই কি ক্রিকেট বোর্ড ছাড়তে পারবেন? মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় এর জবাব দিয়েছেন। পাপন বলেছেন, ‘আমি চেষ্টা করব ছেড়ে দিতে। যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেব।’
আরও পড়ুন>> বাংলাদেশের অর্থনীতি পাঁচ ঝুঁকিতে
তিনি বলেন, ‘এখানে আইসিসির কতগুলো নিয়মকানুন আছে। ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। আইসিসির যে কমিটিগুলো আছে সেখানে আমি একটি কমিটির চেয়ারম্যান পদেও রয়েছি। ওরা (আইসিসি) এটা চেঞ্জ করে না। ঐ দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া যায় না।’
পাপন আরও বলেন, ‘আমার ইচ্ছে ছিল এ বছরই আমার শেষ টার্ম। বিসিবিতে আমার টার্ম শেষ হবে আগামী বছর। আমি যদি ছেড়ে দেই আর এখন নতুন কেউ আইসিসিতে গেলে....।’ শ্রীলঙ্কায় এমন একটি ঘটনার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘শ্রীলঙ্কার বিষয়টা আইসিসি গ্রহণ করেনি।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































