Apan Desh | আপন দেশ

ভাগে কোরবানি দিলে যেসব শর্ত মানতে হবে

প্রকাশিত: ১৯:৫৮, ১৩ মে ২০২৬

ভাগে কোরবানি দিলে যেসব শর্ত মানতে হবে

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আত্মত্যাগের স্মরণে ইসলাম ধর্মে কোরবানির বিধান চালু হয়েছে। সামর্থ্য অনুযায়ী মুসলমানরা উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তবে অনেকেই একা কোরবানি দেয়ার সামর্থ্য না থাকায় শরিকে বা ভাগে কোরবানি করেন। ইসলামি শরিয়তে এ ধরনের কোরবানির জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে।

ইসলামি শরিয়তে ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজনই কোরবানি দিতে পারে। এসব পশু দিয়ে একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ হবে না। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে। সাতের বেশি শরিক হলে কারও কোরবানি শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে ৫/৭০,কাযিখান ৩/৩৪৯)

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমরা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছিলাম, তখন আমরা সাতজন করে একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি। (মুসলিম: ১৩১৮)

ইসলামি ফিকহে, উট, গরু ও মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ। (হিন্দিয়া: ৫/৩০৪)

আর শরিকে কোরবানি করলে কারও অংশ এক-সপ্তমাংশের কম হতে পারবে না, এমন হলে কোনো শরিকেরই কোরবানিই শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে: ৫/৭১)
 
যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেয়ার নিয়তে কিনে আনে আর সে ধনী হয় তাহলে তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ হলেও শরিক না করে একা কোরবানি দেয়াই উত্তম।

আরও পড়ুন <<>> ভাগে কোরবানি দেয়ার সঠিক নিয়ম

শরিক করলে ওই অংশের টাকা সদকা করে দেয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি গরিব হয়, যার ওপর কোরবানি করা ওয়াজিব নয়, তাহলে যেহেতু কোরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে, তাই তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ নয়।

যদি শরিক করে তবে ওই টাকা সদকা করে দেয়া আবশ্যক। গরিব ব্যক্তি কোরবানির পশুতে কাউকে শরিক করতে চাইলে পশু ক্রয়ের সময়ই নিয়ত করে নিতে হবে। (হেদায়া: ৪/৪৪৩; কাজিখান:  ৩/৩৫০-৩৫১)
 
শরিকে কোরবানি করলে ওজন করে গোশত বণ্টন করতে হবে। অনুমান করে ভাগ করা জায়েজ নেই। (আদ্দুররুল মুখতার ৬/৩১৭,কাযিখান ৩/৩৫১)

কোরবানির গোশতের এক তৃতীয়াংশ গরিব-মিসকিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দেয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। (বাদায়েউস সানায়ে ৪/২২৪, আলমগীরী ৫/৩০০)

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement