Apan Desh | আপন দেশ

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৭, ১৩ মে ২০২৬

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবলে এখন যেন একইসঙ্গে বইছে দুই ‘রোনালদো’র হাওয়া। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত, তখন ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র নিজেকে পর্তুগালের ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সামনে রেখে আবারও পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী এ তরুণ।

আগামী ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত ব্রাগানসায় শহরে অনুষ্ঠিত হবে চার জাতির এ টুর্নামেন্ট। সেখানে স্বাগতিক পর্তুগালের প্রতিপক্ষ হবে  গ্রিস, ইতালি এবং চেক প্রজাতন্ত্র। তরুণ রোনালদোর ওপর বড় প্রত্যাশা রয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৬ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

এর আগে অনূর্ধ্ব-১৫ দলেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন রোনালদো জুনিয়র। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আলগার্ভ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং অক্টোবরে  তুরস্কে হওয়া কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশেষ করে ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।

আরও পড়ুন <<>> টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

বাবার ক্লাব ক্যারিয়ারের সঙ্গে তাল মিলিয়েই জুনিয়রও খেলেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। মাঝেমধ্যেই আল নাসরের মূল দলের সাথে তার অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 
বিশ্লেষকদের মতে, শারীরিক শক্তি, গোল করার ক্ষমতা এবং মাঠের লড়াকু মানসিকতা- সব দিক থেকেই তিনি এখন বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছেন।

উল্লেখ্য, পর্তুগালের ফুটবল ইতিহাসে তো বটেই, বিশ্ব ফুটবলে সিআর সেভেন এক কিংবদন্তির নাম। ফুটবলপ্রেমীদের ধারণা, ২০২৬ বিশ্বকাপে বাবা রোনালদো যখন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখবেন, তখন পর্তুগিজ ফুটবলের নতুন মশাল হাতে যাত্রা শুরু করবেন এ রোনালদো জুনিয়র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement