ছবি : সংগৃহীত
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। যার সুফল মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে। বাংলাদেশের একাধিক ক্রিকেটার ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন।
মঙ্গলবার (১২ মে) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি টাইগারদের প্রথম জয়। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হন শান্ত।
প্রথম ইনিংসে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটার। এর সুবাদে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। এটিই তার ক্যারিয়ারের সেরা রেটিং।
বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে এখন ২৬তম স্থানে রয়েছেন। আর মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক ভালো ব্যাটিংই তাদের এ উন্নতির মূল কারণ।
আরও পড়ুন <<>> ইবিতে প্রথমবার আন্তর্জাতিক রেটিং দাবা
বোলিং র্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের তিন বোলার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও র্যাংকিংয়ে ফিরেছেন। ২০২৪ সালের শেষ দিকের পর প্রথম টেস্ট খেলতে নেমে চার উইকেট নেওয়ায় তিনি এখন বোলিং র্যাংকিংয়ের ৪৮তম স্থানে রয়েছেন।
এছাড়া দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেয়া পাঁচ উইকেট নিয়ে নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে উঠে এসেছেন।
তবে বাংলাদেশের বিপক্ষে হারের ম্যাচেও ব্যক্তিগত সাফল্য পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার সুবাদে এ পেসার আবারও টেস্ট বোলিং র্যাংকিংয়ে ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ২৮তম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































