Apan Desh | আপন দেশ

তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার আহবান চীনের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৯, ১৩ মে ২০২৬

আপডেট: ২০:২০, ১৩ মে ২০২৬

তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার আহবান চীনের

ছবি : সংগৃহীত

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও আহবান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, শান্তিপূর্ণ পুনর্মিলন তাইওয়ানের জনগণের সাংস্কৃতিক পরিচয়, উন্নয়ন সম্ভাবনা এবং সামাজিক কল্যাণকে আরও শক্তিশালী করবে।

বুধবার (১৩ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ানবিষয়ক দফতরের রাষ্ট্রীয় কাউন্সিলের মুখপাত্র চাং হান এ আহবান করেন।

চাং হান বলেন, শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি জাতীয় পুনর্মিলন অর্জনের সর্বোত্তম পথ। এর মাধ্যমে তাইওয়ানের মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মপরিচয়ের অনুভূতি আরও দৃঢ় হবে।

তিনি বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে তাইওয়ানের জনগণের মধ্যে বিদ্যমান ‘অস্পষ্ট সাংস্কৃতিক পরিচয়’ এবং ‘ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি’ দূর করা সম্ভব হবে।

চাং হান জানান, পুনর্মিলন তাইওয়ানের সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পখাতের জন্যও বড় সুযোগ তৈরি করবে। তাইওয়ানের চলচ্চিত্র, টেলিভিশন প্রযোজনা, সংগীত ও প্রকাশনা খাত মূল ভূখণ্ড চীনের বৃহৎ বাজারে আরও সহজ প্রবেশাধিকার পাবে। পাশাপাশি নীতি ও সম্পদের ক্ষেত্রেও বাড়তি সহায়তা মিলবে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, পুনর্মিলনের মাধ্যমে তাইওয়ানের সমাজ দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ও আদর্শিক সংঘাত থেকে বেরিয়ে আসতে পারবে।

আরও পড়ুন <<>> ‘রেকর্ড গতিতে কমছে বিশ্ব তেলের মজুত’

তিনি আরও বলেন, পুনর্মিলনের পর বিশ্বের যেকোনো স্থানে তাইওয়ানের মানুষ শক্তিশালী মাতৃভূমির সমর্থন পাবে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় ‘ঘুঁটি’ হয়ে থাকতে হবে না।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ানের সামরিক ক্রয় বাজেট নিয়ে প্রশ্ন উঠলে চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রশ্ন পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়