Apan Desh | আপন দেশ

আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২৬, ২ অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

ফাইল ছবি, আপন দেশ

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলটির পক্ষ থেকে শুক্রবার (০২ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান। 

আরও পড়ুন<<>>জামায়াত নেতা আখতারুজ্জামানকে থানায় হস্তান্তর

মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয়। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়